২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের অসহযোগিতায় শ্রমিক-পরিচালিত ২টি কারখানা বন্ধ হয়ে গেছে

সরকারের অসহযোগিতায় শ্রমিকদের মাধ্যমে পরিচালিত বেসরকারিকৃত আটটি কারখানার মধ্যে দুটি বন্ধ হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

সোহেল পারভেজ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 08:31 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিকদের বেকারত্বের হাত থেকে বাঁচাতে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে আটটি প্রতিষ্ঠান শ্রমিকদের কাছে হস্তান্তর করা হয়।

তবে পাট ও বস্ত্র মন্ত্রী শাহজাহান সিরাজ বলেছেন, প্রকৃতপক্ষে কী কারণে কারখানা দুটি বন্ধ হয়ে গেছে, তা তিনি জানেন না। ব্যাংক ঋণ পরিশোধ না করা এবং সরকারের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এগুলো বন্ধ হয়ে থাকতে পারে।

বন্ধ হয়ে যাওয়া কারখানা দুটির নাম পাইলন ইন্ড্রাস্ট্রিজ এবং ক্যারোলিন সিল্ক মিলস। ১৯৯৬ থেকে ২০০১ সালের মধ্যে ওই দুটি কারখানাসহ রাষ্ট্রীয় মালিকানাধীন মোট আটটি প্রতিষ্ঠান শ্রমিকদের কাছে হস্তান্তর করা হয়।

পাইলন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মাজেদ চৌধুরী বিডিনিউজকে বলেন, সরকারের অসহযোগিতার কারণেই কারখানাটি বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, কাঁচামাল আমদানির ক্ষেত্রে ব্যাংকে ঋণপত্র খোলার জন্যে পাট ও বস্ত্র মন্ত্রণালয় আমাদের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দেয়নি। এছাড়াও চুক্তি অনুযায়ী কারখানার যন্ত্রপাতির আধুনিকায়নের জন্যে প্রতিষ্ঠানগুলো যাতে ঋণ সুবিধা পায়, তার ব্যবস্থার কথা থাকলেও সরকার এ ব্যাপারে কোনও সহযোগিতা করেনি।

তিনি আরও জানান, তারা সরকারের কাছে বেশ কয়েকবার আবেদন জানিয়েও ব্যর্থ হয়েছে।

বেসরকারিকরণ কমিশন সূত্র জানায়, আটটি প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি দীর্ঘ মেয়াদী ঋণের ভিত্তিতে শ্রমিকদের কাছে হস্তান্তর করা হয়। বাকি দুটি কোনও মূল্য ছাড়াই হস্তান্তর করা হয়। চুক্তি অনুযায়ী শ্রমিকদের ২০০৪ সাল থেকে পরবর্তী ১৪ বছরের মধ্যে এ ঋণ শোধ করার কথা।

সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ বিডিনিউজকে বলেন, সরকারের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতার অভাবে শ্রমিকরা কারখানা দুটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, বর্তমান জোট সরকার এ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত সহায়তা দিতে আগ্রহী নয়। প্রতিষ্ঠানগুলো সফলভাবে পরিচালনার জন্যে শ্রমিকদের প্রয়োজনীয় ব্যাংক ঋণ ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয়নি।

তিনি আরও বলেন, বেকারত্বের হাত থেকে বাঁচাতে কারখানা দুটি শ্রমিকদের কাছে হস্তান্তর করা হয়েছিল।

অন্যদিকে, পাট ও বস্ত্র মন্ত্রী শাহজাহান সিরাজ বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোকে শ্রমিকদের হাতে ছেড়ে দিতে সরকার আগ্রহী নয়।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শ্রমিকদের কাছে টাকা নেই। তারা কীভাবে কারখানা চালাবে?

কারখানা সূত্র বিডিনিউজকে জানায়, আটটি প্রতিষ্ঠানের মধ্যে অলিম্পিয়া টেক্সটাইল, মেঘনা টেক্সটাইল মিলস, লক্ষ্মী নারায়ণ কটন মিল এবং ঢাকা কটন মিল বর্তমানে সচল রয়েছে।

এর আগে এক সময় ফাইন কটন মিলস এবং মুন্নুু টেক্সটাইল মিলসও বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু পরে আবার তারা উৎপাদনর শুরু করে।

ট্রেড ইউনিয়ন নেতা শহিদুল্লাহ চৌধুরী কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার পেছনে সরকারের অসহযোগিতাকেই দায়ি করেছেন।

প্রাইভেটাইজেশন কমিশন সূত্র জানায়, পাইলন ইন্ডাস্ট্রিজ এবং ফাইন কটন কোনও মূল্য ছাড়াই শ্রমিকদের কাছে হস্তান্তর করা হয়েছিল। অন্যদিকে, ক্যারোলিন ইন্ডাস্ট্রিজ ২ কোটি ৬০ লাখ টাকার বিনিময়ে দীর্ঘ মেয়াদে শ্রমিকদের কাছে হস্তান্তর কবা হয়েছিল।

অলিম্পিয়া, মেঘনা, মুন্নু, লক্ষ্মী নারায়ণ এবং ঢাকা কটন যথাক্রমে ১৬ কোটি ৩৫ লাখ, ৮২ কোটি ২০ লাখ, ২৩ কোটি ২৮ লাখ, ১০ কোটি ৪০ লাখ এবং ১৩ কোটি ৬ লাখ টাকার বিনিময়ে দীর্ঘ মেয়াদী ঋণের বিপরীতে শ্রমিকদের কাছে হস্তান্তর করা হয়েছিল।