বেনাপোল বন্দরের অচলাবস্থা নিরসনের উদ্যোগ
কাস্টমস্ কর্তৃপক্ষ দীর্ঘ আটদিন পরে বেনাপোল বন্দরের অচলাবস্থা নিরসনের উদ্যোগ নিয়েছে। তারা বন্দর ব্যবহারকারি ও ধর্মঘটি পাঁচটি সংগঠনের সাথে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার ওই সংগঠনের নেতাদের সাথে বৈঠক অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাস্টমস্ কর্তৃপক্ষ চারটি ভারতীয় ট্রাক আটক করলে ট্রাক ফেরত পাঠানোর দাবিতে গত ২১ জুলাই থেকে বনগাঁ মহকুমা ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ধর্মঘট আহ্বান করে।
অপরদিকে বেনাপোল বন্দর ব্যবহারকারি পাঁচটি সংগঠন তাদের ১২ দফা দাবিতে ধর্মঘট শুরু করায় পেট্রাপোল ও বেনাপোল বন্দর সম্পূর্ণ অচল হয়ে পড়ে।
এ অবস্থা নিরসনে বৃহস্পতিবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে একটি পত্র দেন।
অবশ্য এর আগেই বৃহস্পতিবার বেনাপোল কাস্টমসের ভারপ্রাপ্ত কমিশনার আতিকুর রহমান খান ধর্মঘটি পাঁচটি সংগঠনের নেতাদের বৈঠকে বসার জন্য মৌখিকভাবে আমন্ত্রণ জানান।
এ ব্যাপারে বোনাপোল কাস্টমস্ যুগ্ম-কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আটক চারটি ট্রাকের মধ্যে দু’টি ছেড়ে দেওয়া হবে। তবে নম্বর প্লেট চুরির অভিযোগ থাকায় অপর দু’টি ট্রাক এখন ছাড়া হচ্ছে না।
তবে এ উদ্যোগের কারণে ভারতের ধর্মঘটিরা নমণীয় হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান শনিবারের আলোচনায় যোগ দিতে সম্মত হয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, তাদের উত্থাপিত ১২ দফা মানা না হলে কোনো সমঝোতা হবে না। আন্দোলন অব্যাহত থাকবে।
বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য বাংলাদেশে আসে।
