বিদেশ থেকে আমদানি করা সফ্টওয়ারের চেয়ে এক দশমাংশ কম খরচে দেশে সফ্টওয়ার তৈরি হচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারি ও বেসরকারি পর্যায়ে দেশীয় সফ্টওয়ার ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবন ও বাংলাদেশ কোরিয়া ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান অতিথির ভাষণে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, দেশীয় আইসিটি খাতকে উৎসাহিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে দেশীয় সফ্টওয়ারের ব্যবহার বাড়াতে হবে। বিদেশ থেকে আমদানি করা সফ্টওয়ারের চেয়েও এক দশমাংশ কম খরচে দেশে সফ্টওয়ার তৈরী হচ্ছে। দেশের উঁচু মানসম্পন্ন আইসিটি পণ্য ও সার্ভিস ব্যবহারে সকলকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বিজ্ঞান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, কোইকার প্রেসিডেন্ট কিম সুক হিউন, দক্ষিন কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সিওং উং, বিসিসির কার্যনির্বাহী পরিচালক ড. এএম চৌধুরী।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ১৫ বছর কার্যক্রম চালানোর পর বিসিসি নিজস্ব ভবনে তাদের কার্যক্রম শুরু করছে। এটি শুধু বিসিসির নয়, আইসিটি খাতে আমাদের অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। বাংলাদেশকে তথ্য প্রযুক্তির মহাসড়কে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যার সুফল দেশ ও জনগণ এখন পাচ্ছে।
তিনি তার সরকারের সাড়ে তিন বছরে আইসিটি খাতের অগ্রগতি বর্ণনা করে বলেন, বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে এ খাতকে চিহ্নিত করে থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করা হয়েছে। এ খাতের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি আইসিটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের সিদ্ধান্ত বাস্তবায়ন ও মনিটর করতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে চেয়ারম্যান করে স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, সরকার প্রতি বছরই এ খাতে বাজেট বরাদ্দ বাড়িয়ে চলেছে। শুল্ক রেয়াতও অব্যাহত রাখা হয়েছে।
খালেদা জিয়া বলেন, দেশের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। এ খাতে উচ্চতর শিক্ষার জন্যে স্কলারশিপ চালু করা হয়েছে। আইসিটি ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করা হয়েছে। এ খাতে দেশের জনবলকে বিশ্ববাজারের উপযোগী করে গড়ে তোলার ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, এ পদক্ষেপের কারণে একদিকে যেমন দেশের আইসিটি জনশক্তি তথ্য প্রযুক্তি বাজারে নিজেদের আসন করে নেওয়ার সুযোগ পাচ্ছে, তেমনি দেশীয় কোম্পানিগুলো স্বল্পব্যয়ে মেধাসম্পন্ন কম্পিউটার জনবল সেবা পাচ্ছে। বেসরকারি খাতও এ কর্মসূচিতে ইতিবাচক সাড়া দিয়েছে। ভবিষ্যতে বেসরকারি খাত আরও এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বেগম জিয়া বলেন, বিসিসি ভবনেই বিশ্বমানের বাংলাদেশ কোরিয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউট চালু করা হচ্ছে। এতে ছয়টি অত্যাধুনিক কম্পিউটার প্রশিক্ষণ ল্যাবরেটরি ও নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে একই সাথে ১২০ জন প্রশিক্ষণ নিতে পারবে।
তিনি বলেন, বাংলাদেশকে তথ্য প্রযুক্তির মহাসড়কে যুক্ত করার উদ্যোগ বহির্বিশ্বের সাথে উচ্চগতির ইলেক্ট্রনিক যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের পথ সুগম করবে। এতে আন্তর্জাতিক যোগাযোগ ও ইন্টারনেট ব্যবহারের খরচ কমে আসবে। ইতোমধ্যেই কক্সবাজারে ল্যান্ডিং স্টেশন স্থাপিত হয়েছে। অচিরেই পূর্ণমাত্রায় ব্যবহারের উপযোগী অবকাঠামো স্থাপিত হবে।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকার কারওয়ান বাজারে আইসিটি ইনকিউবেটর প্রতিষ্ঠা করা হয়েছে। প্রায় ৫০টি সফ্টওয়ার ও আইসিটি সেবাদানকারি প্রতিষ্ঠান ও ৫০০ সফ্টওয়ার পেশাজীবী এর সুবিধা ব্যবহার করছে। সরকারিভাবে তিন কোটি টাকা বিনিয়োগের ফলশ্রুতিতে এখানে ইতোমধ্যেই ৩০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে গাজীপুরে একটি হাইটেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিটি বিনিয়োগকারিদের উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক ৩০০ কোটি টাকার ইকুয়িটি তহবিল সৃষ্টি করেছে। বিশ্ববাজারে আইসিটি পণ্য রপ্তানীকে উৎসাহিত করতে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল গঠন করা হয়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালিতে আইসিটি বিজনেস সেন্টারও খোলা হয়েছে।
আইসিটি খাতে সৃষ্ট নতুন উদ্যম ও কর্মচাঞ্চল্য জ্ঞানভিত্তিক সমাজ কাঠামো বিনির্মাণের মাধ্যমে দেশের জনসংখ্যার আধিক্য ও সম্পদের সীমাবদ্ধতাজনিত সমস্যা নিরসনে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
