২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমন্বয়ের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতকে শক্তিশালী করা সম্ভব: সম্মেলনে বক্তারা

নগরীতে বুধবার অনুষ্ঠিত একটি সম্মেলনে বক্তারা বলেছেন, আইটি কর্মকর্তা, বেসরকারি বিনিয়োগকারী, সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করা গেলে গার্মেন্টস শিল্পের পর তথ্য প্রযুক্তি খাতও দেশের শক্তিশালী শিল্প খাতে পরিনত হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএস) ‘ওয়াইডেন আইসিটি নেট, ব্রডেন নলেজ বেইজড সোসাইটি’ শীর্ষক ২০০৫ সালের এ বার্ষিক সম্মেলনের আয়োজন করে।

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উদ্বোধন করেন। সম্মেলনে সভাতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি অধ্যাপক ড. আমিনুল হক।

নেটওয়ার্কিং সুবিধার কথা উল্লেখ করে বাংলাদেশে তথ্য প্রযুক্তির ভবিষ্যতের দিকে আরও নজর দিতে অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ আইসিটি প্রজন্ম এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এ ব্যাপারে একটি সমন্বিত আইসিটি নীতি গঠন করা হয়েছে এবং তা অনুমোদিত হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমান ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক জাফরীন হোসেন।