ভারতের সাথে আসন্ন বৈঠকে শুল্কমুক্ত প্রবেশ ও শুল্ক বহির্ভূত বাধা অপসারণে সচেষ্ট হবে বাংলাদেশ
ভারতের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত প্রবেশ এবং সব ধরনের শুল্ক বহির্ভূত বাধা দূর করতে আগামী সপ্তাহে দুদেশের যৌথ বাণিজ্যদলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।
ভারতের সাথে বাণিজ্যদলের আলোচনার আগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক বৈঠকের পর বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ভারতের চাহিদার ভিত্তিতে আমরা ১০ টি টেস্টিং ল্যাবরেটরির তালিকা পাঠিয়েছি। দেশটিতে আমাদের রফতানি বাধাগ্রস্ত করতে পারে এমন কোনও শুল্ক বহির্ভূত বাধা আমরা আর টিকিয়ে রাখতে চাইনা।
আসন্ন বৈঠকে বাংলাদেশের অবস্থানকে সুনির্দিষ্ট করে তোলার লক্ষ্যে বুধবার স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারত-বাংলাদেশ যৌথ বাণিজ্যদলের তৃতীয় বৈঠক আগামী ১ ও ২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে। যৌথ বাণিজ্য দলের প্রথম বৈঠকটি ২০০৩ সালের অক্টোবরে ঢাকায় এবং দ্বিতীয় বৈঠকটি ২০০৪ সালে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়।
শুল্ক কমিশনের সাথে কর্মরত বাংলাদেশের এক আলোচক বিডিনিউজকে বলেন, আমাদের পোশাক শিল্প যদি ভারতে প্রবেশের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা না পায় তাহলে ভারতের অনুকূলে আমাদের একশ’ কোটি টাকার বেশি বাণিজ্য ঘাটতি কোনও ভাবেই তা কমিয়ে আনা যাবে না।
শুল্কমুক্ত সুবিধা না থাকায় জামদানি শাড়ি ভারতে রফতানির ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে। বর্তমানে প্রতিটি চালানের ২৫ শতাংশ হারে প্রবেশ-বন্দরে শুল্ক দেওয়া বাধ্যতামূলক।
সম্প্রতি ভারতের গবাদিপশু আইনের মাধ্যমে কলকাতা, মুম্বাই, দিল্লি ও চেন্নাই এ চারটি বন্দর দিয়ে ভারতে গবাদিপশু আমদানিকে অনুমোদন দেওয়া হয় এবং ইলিশ মাছ রফতানিকে বাধাগ্রস্ত করা হয়। পরে আবার কেবল বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ আমদানির অনুমোদন দেওয়া হয়।
এছাড়া ভারতে প্রবেশের ক্ষেত্রে পণ্য সংরক্ষণের প্রবেশপথে কোনও গুদাম না থাকায়, মাত্রাতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা, লেবেল লাগানোর ক্ষেত্রে জটিলতা, পরিবহণ ও অবকাঠামোসহ আরও কিছু কারণে ভারতে বাংলাদেশের রফতানি ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর হিসাব মতে, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ একশ’ ৩০ কোটি মার্কিন ডলার। ভারত থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ একশ’ ৪০ কোটি ডলার এবং অন্যদিকে ভারতে বাংলাদেশের রফতানির পরিমাণ মাত্র ১০ কোটি ডলার।
