ঋণের পরিমাণ বাড়াতে কর্মসংস্থান ব্যাংককে অর্থমন্ত্রীর নির্দেশ
কার্যকর ফলাফল লাভের জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বুধবার কর্মসংস্থান ব্যাংককে তাদের ঋণের পরিমান আরও বাড়াতে বলেছেন।
ব্যাংকের চেয়ারম্যান এএম আব্দুল জব্বার ও ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমান পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সাথে সাক্ষাতকালে মন্ত্রী এ নির্দেশ দেন।
কর্মসংস্থান ব্যাংক বর্তমানে সর্বনিম্ন ৩০ হাজার এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ঋণ দিয়ে থাকে।
বৈঠক সূত্র জানায়, বেকার যুবকদের কর্মসংস্থান ও দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে ১৯৯৮ সালে ব্যাংকটি প্রতিষ্ঠিত হলেও এর কর্মকর্তাদের দুর্বল কর্মদক্ষতার কারণে অর্থমন্ত্রী তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।
যেসব যুবক চাকরি পাচ্ছে না বা যাদের অন্য কোনও কর্মসংস্থানের সুযোগ নাই রাষ্ট্রায়াত্ত্ব এ বিশেষায়িত ব্যাংকটি তাদের ঋণ দিয়ে থাকে।
দেওয়ান মুজিবুর রহমান জানান, কর্মসংস্থান ব্যাংক মোরগ-মুরগীর খামার, ছাগল লালন পালন, মৎস্য চাষ, ক্ষুদ্র ও কুটির শিল্প, গরু মোটাতাজাকরণসহ ৩৫টি খাতে ঋণ দিচ্ছে।
