২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৬টি মন্ত্রণালয়কে স্বাধীনভাবে বাজেট প্রণয়নের অনুমতি প্রদান

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সোমবার আরো ৬টি মন্ত্রণালয়কে স্বাধীনভাবে নিজস্ব বাজেট প্রণয়নের অনুমতি দিয়েছেন। এর মাধ্যমে মন্ত্রণালয়গুলো মধ্য মেয়াদী বাজেট ফ্রেমওয়ার্ক (এমটিবিএফ) এর অন্তর্ভূক্ত হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

প্রস্তাবিত ১১টি তালিকাভুক্ত মন্ত্রণালয় থেকে এ ছয়টি মন্ত্রণালয়কে এমটিবিএফ’র অন্তভূক্ত করা হলো। এগুলো হচ্ছে: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, যোগাযোগ, পানি সম্পদ, প্রাথমিক ও গণশিক্ষা, মৎস্য ও পশুসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়।

এমটিবিএফ বাস্তবায়ন সংক্রান্ত এক বৈঠকে সোমবার অর্থ ও পরিকল্পনা বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, এমটিবিএফ’র আওতাভুক্ত মন্ত্রণালয়ের সংখ্যা চারটি থেকে ১০টিতে উন্নীত করা একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

চলতি অর্থবছরে সরকার বর্তমান বাজেট পদ্ধতি পরিবর্তন করে এমটিবিএফ পদ্ধতি প্রচলন করেছে, যার ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দারিদ্র নিরসন কৌশলপত্রের লক্ষ্য অর্জনে মধ্য মেয়াদী কৌশল গ্রহণ করতে পারবে।

২০০৫-০৬ অর্থবছরে স্বাধীনভাবে নিজস্ব বাজেট প্রণয়নে প্রাথমিক পর্যায়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে এমটিবিএফ’র আওতায় আনা হয়।

প্রস্তাবিত অন্য পাঁচটি মন্ত্রণালয় হচ্ছে: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, যুব ও ক্রীড়া, বন ও পরিবেশ এবং বিদ্যুৎ মন্ত্রণালয়।

বৈঠকে মন্ত্রী বলেন, স্বাধীনভাবে বাজেট প্রণয়নে প্রশিক্ষণ ও পর্যাপ্ত জনশক্তি প্রয়োজন, তার আমরা মনে করি একই সাথে ১১টি মন্ত্রণালয়কে এমটিবিএফ’র আওতায় আনা হলে তা সঠিক হবে না।

বৈঠক শেষে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, এ উদ্যোগের ফলে মন্ত্রণালয়গুলোতে অর্থ ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়াও সথা সময়ে তহবিল ছাড় না দেয়ার অভিযোগে অর্থমন্ত্রণালয়কেও আর অভিযুক্ত হতে হবে না।

তিনি বলেন, পিআরএসপি ও বাৎসরিক জাতীয় বাজেটের মধ্যে কার্যকর সংযোগ ঘটাবে এই এমটিবিএফ।

অর্থ সচিব জাকির আহমেদ খান, পরিকল্পনা সচিব আখতার হোসেন খান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইসমাইল জাবিউল্লাহ সভায় বক্তব্য রাখেন।