আন্তর্জাতিক ঘটনাবলী সমষ্টিক অর্থনীতিকে কিছুটা চাপের মুখে ফেলেছে : সাইফুর
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান রোববার বলেছেন, ইরাক যুদ্ধ এবং তেলের মুল্য বৃদ্ধি দেশের সমষ্টিক অর্থনীতিকে কিছুটা চাপের মুখে ফেলেছে। কিন্তু এ সমস্যা খুব শিগগিরই শেষ হবে।
আর্থিক ব্যবস্থা ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত নীতি সমুহের সমন্বিত পরিষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেল ও সারের মুল্য বেড়ে যাওয়ায় গত কয়েক মাসে আমাদেরকে অতিরিক্ত ৮০০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করতে হযেছে।
২০০৩ সালে গঠিত হওয়ার পর এটাই পরিষদের প্রথম সভা। সভায় বিনিময় হার, সুদের হার ও ঘাটতি বাজেট নিয়েও আলোচনা করা হয়।
অর্থনীতিতে ইরাক যুদ্ধ ও পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রভাবের কথা স্বীকার করে মন্ত্রী বলেন,মুদ্রার স্ফিতির হার বর্তমানে ছয় শতাংশের একটু ওপরে রয়েছে। এ অবস্থায় এখনও সমষ্টিক অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে।
তিনি বলেন,আমাদের দেশে রপ্তানি আয়ের চেয়ে আমদানি বিল দ্বিগুন।
সভায় বাংলাদেশ ব্যাংকের গর্ভনর সালেহ উদ্দিন আহমেদ বলেন, বিনিময় বাজারের ওপর থেকে চাপ কমাতে আমাদের অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করতে হবে।
তিনি আরও বলেন, বৈদেশিক বিনিময় এবং রেমিট্যান্স কিভাবে বৃদ্ধি করা যায় তার নীতি নিয়েও সভায় আলোচনা করা হয়।
তিনি বলেন, ডলার সমস্যা সাময়িক। খুব শিগগির এটা শেষ হয়ে যাবে।
অর্থমন্ত্রী বলেন, গত মাসের চেয়ে চলতি মাসে চালের মূল্য কমেছে। গত মাসে প্রায় ৩০ লাখ টন চাল ও গম আমদানি করা হয়েছে।
মন্ত্রী ব্যাংকার বিশেষ করে উত্তরাঞ্চলের ব্যাংক কর্মকর্তাদের প্রতি রাইস মিল মালিকদেরকে অধিক ঋণ দেওয়ার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর সালেহ উদ্দিন আহমেদ, অর্থ সচিব জাকির আহমেদ খান, বাণিজ্য সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী এবং পরিকল্পনা সচিব আখতার হোসেন খান উপস্থিত ছিলেন।
