২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিটকের সাথে যুক্ত হলেন গ্রামীণ ফোনের ৩০ লাখ গ্রাহক

অবশেষে গ্রামীণ ফোনের সাথে টেলিটকের আন্তঃসংযোগ চুক্তি স্বাক্ষরিত হল। এর ফলে গ্রামীণ ফোনের ৩০ লাখ গ্রাহক টেলিটকের গ্রাহকদের সাথে যোগাযোগ করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

রোববার টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ এবং গ্রামীণ ফোনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক যোগেশ মালিক স্ব স্ব কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির ফলে অন্যান্য মোবাইল ফোন কোম্পানির গ্রাহকদের সাথে টেলিটকের ৮০ হাজার গ্রাহকদের যোগাযোগের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ছিল তা দূর হল। এর আগে সিটিসেল এবং একটেলের সাথে টেলিটকের আন্তঃসংযোগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এম ওবায়দুল্লাহ বিডিনিউজকে জানান, আন্তঃসংযোগের ক্ষেত্রে শুধুমাত্র বাংলালিংকের সাথে চুক্তি বাকি রয়েছে এবং আশা করা যাচ্ছে, তা সোমবার সম্পন্ন হবে।

আগামী মাসের প্রথম সপ্তাহ নাগাদ আন্তঃসংযোগ সক্রিয় করা হবে বলে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক জানান। তিনি বলেন, বেসরকারি অপারেটরদের সাথে দুটি এক্সচেঞ্জে কেবলের মাধ্যমে আন্তঃসংযোগ লিংক স্থাপন করতে একটু সময় লাগবে।

তিনি আরও বলেন, এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দেশের সকল জেলা এবং নগরীর লোকজন টেলিটকের গ্রাহক হতে আকৃষ্ট হবে, যা অন্যান্যদের তুলনায় কম খরচে সকল সুবিধা দিচ্ছে।