২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসাধু আদমব্যাবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করতে যাচ্ছে সরকার

সরকারি কর্মকর্তা ও ট্রাভেল এজেন্টদের মধ্যে যোগসাজশ বন্ধে সরকার খুব শিগগিরই অসাধু আদম ব্যবসায়ী ও ট্রাভেল এজেন্টের বিরুদ্ধে অভিযান শুরু করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 10:18 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

সরকারের শীর্ষ পর্যায়ের এক সূত্র বিডিনিউজকে জানান, জনশক্তি রপ্তানিতে দুর্ভাগ্যজনক ঘটনা প্রতিরোধে এবং বিদেশে দেশের জনশক্তি বাজার সম্প্রসারণ করতে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের গাইডলাইন সংক্রান্ত নতুন একটি নীতিমালা তৈরি করা হচ্ছে।

নতুন নীতিমালা তৈরি জন্য পররাষ্ট্র সচিব হেয়ায়েতউদ্দিনকে প্রধান করে আন্তঃমন্ত্রণালয়ের সচিব পর্যায়ের কমিটি কতগুলো সুপারিশ করেছে।

আগামী দু’সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকে এ সুপারিশগুলো নিয়ে আলোচনা করা হবে। পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান এ মন্ত্রিপরিষদ কমিটির প্রধান।

সচিব পর্যায়ের কমিটি অবৈধ বিদেশ গমন রোধে বিদেশ যাত্রার প্রক্রিয়া আরও কঠোর করার এবং বৈধ চ্যানেলের মাধ্যমে জনশক্তি রপ্তানি নিশ্চিত করার সুপারিশ করে।

সূত্র জানায়, অনেক সময় অবৈধ জনশক্তি রপ্তানিকারক ও ট্রাভেল এজেন্টদের খপ্পরে পড়ে বিদেশ যাওয়ার জন্য অনেক নিরীহ জনগণ তাদের বাড়ি ও জমি পর্যন্ত বিক্রি করে থাকে। এরপর তাদের একটি দেশে পাঠিয়ে দেয়া হয় যেখানে গিয়ে তারা নানা সমস্যার সম্মুখীন হন। নতুন নীতিমালা তাদের এ সমস্যা দূর করতে সহায়ক হবে বলে তিনি জানান।

বিদেশ গমনেচ্ছুরা যে দেশে যেতে চান সে দেশ এবং সেখানকার কর্মসংস্থান সম্পর্কে জানার জন্য তারা যাতে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সেজন্য সরকার সচেতনতামূলক ব্যাপক প্রচারাভিযান চালাবে।

গত দুই মাসে ভাগ্য অন্বেষণে বিদেশ যাওয়া অনেক ব্যক্তিই প্রতারিত হয়ে ফিরে এসেছে অথবা সেখানে ধরা পড়ে জেলে মানবেতর দিন কাটাচ্ছে।

বুধবার সৌদি আরব থেকে ৭০০ হতভাগ্য বাংলাদেশী শূণ্য হাতে ফিরে এসেছে। ওইদিনই বলিভিয়া পুলিশ সান্টাক্রজে ২৭ বাংলাদেশীকে অবৈধ প্রবেশের দায়ে আটক করে।