২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মচারী ইউনিয়নের দুই গ্র“পে সংঘর্ষ: সোনালী ব্যাংক কেন্দ্রীয় কার্যালয়ে উত্তেজনা

সোনালী ব্যাংক কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার কর্মচারী ইউনিয়নের বিবাদমান দু গ্র“পের সংঘর্ষের পর চরম উত্তেজনা বিরাজ করছে। ইউনিয়নের নব নির্বাচিত সাধারণ সম্পাদকের নাম ঘোষণা নিয়ে এ সংঘর্ঘ বাঁধে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

ইউনিয়নের সভাপতি আমিরুল হক ফারুক সাধারণ সম্পাদক হিসেবে মেজবাহ উদ্দিন আহমেদের নাম ঘোষণা করলে জাতীয় শ্রমিক লীগের তালিকাভুক্ত সোনালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন নং ২০২ এর দুই গ্র“প সংঘর্ষে লিপ্ত হয়।

ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির খসরুর নেতৃত্বে এক দল কর্মী সভাপতির রুম দখল করার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল তিনটা থেকে মতিঝিল কেন্দ্রীয় কার্যালয়ের নবম তলায় চরম উত্তেজনা চলতে থাকে। দুই পক্ষ আলাদা আলাদা অবস্থান নিয়ে সমবেত হতে থাকে এবং উত্তপ্ত শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে আমীর খসরু ইউনিয়ন কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে তাকে বাধা দেয়া হলে পরিস্থিতি চরম আকার ধারণ করে।

গত ১ মার্চ কমিটির সাধারণ সম্পাদক এম জামাল উদ্দিন মৃত্যুবরণ করার পর আমীর খসরু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১২ মে অনুষ্ঠিত নির্বাচনে আমীর খসরু হেরে যাওয়ার পর থেকেই পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে।

বাধা পেয়ে আমীর খসরুর অনুসারিরা কক্ষের দরজায় লাথি মারতে শুরু করে এবং দরজার কাছে বেঞ্চ ছুড়ে মারতে থাকে। এসময় অন্যন্য ইউনিয়নের সদস্যরা নিজ নিজ কক্ষের দরজা বন্ধ করে দেয়। নারী ইউনিয়ন কর্মীদের ভয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে দেখা যায়।

এরপর ফারুক দরজা বন্ধ অবস্থায় কক্ষের মধ্যে থেকে হ্যান্ডমাইকে মেজবাহ উদ্দিন আহমেদকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষণা করেন। আমির খসরু ও তার অনুসারীরা এসময় দরজার সামনে একটি বেঞ্চ পেতে তার ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিতে থাকেন।

ব্যাংকের দুই জেনারেল ম্যানেজার, তিন ডেপুটি জেনারেল ম্যানেজার ও সিকিউরিটি ইন চার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

পরে আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি আয়ত্বে আনেন। নবম তলার প্রবেশ পথে বিপুল সংখ্যক আনসার বসানো হয়।

ইউনিয়ন সভাপতি ফারুক বিডিনিউজকে বলেন, নির্বাচনে ১৫৫ জন ভোটারের মধ্যে ১৫১ জন মেজবাহ আহমেদকে ভোট দিয়েছেন, সুতরাং আমীর খসরুর এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করার কোনও সুযোগই নেই।

অন্যদিকে খসরু বিডিনিউজকে বলেন, ফারুক জামাল উদ্দিনকে বিষ দিয়ে হত্যা করেছে, আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাই। একজন হত্যাকারীকে আমরা সভাপতি হিসেবে দেখতে চাই না। তিনি আরো বলেন, ইউনিয়নের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তি দুই বছরের বেশি সভাপতি পদে থাকতে পারেন না, কিন্তু ফারুক এখনও পদটি দখল করে রয়েছেন।’

পরে খসরুর নেতৃত্বে একটি দল দেওয়ান ফজলুল হককে সভাপতি ও আমীর খসরুকে সাধারণ সম্পাদক করে  পৃথক কমিটি ঘোষণা করে।