২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত বছর পর জাতীয় উৎপাদনশীলতা পরিষদ এর বৈঠক

দীর্ঘ সাত বছর পর জাতীয় উৎপাদনশীলতা পরিষদ (এনপিসি) এর সভা অনুষ্ঠিত হলো বুধবার। এটি ছিলো এনপিসি’র ৭ম বৈঠক। এর আগে সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিলো ১৯৯৮ সালে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 05:44 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

এতদিন পর সভা অনুষ্ঠিত হয়েছে বলে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী দুঃখ প্রকাশ করে বলেন, এ প্রতিষ্ঠানকে আরো কার্যকর করতে হবে।

তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যেই ৮ম সভা আহবান করা হবে। এ সভায় এনপিও (জাতীয় উৎপাদনশীলতা সংস্থা) ও জাতীয় উৎপাদনশীলতা সপ্তাহ সম্পর্কে  সামগ্রিক পরিকল্পনা নেয়া হবে।

বুধবারের বৈঠকে সিদ্ধান্ত হয় চলতি বছরের ডিসেম্বরে জাতীয় উৎপাদনশীলতা সপ্তাহ পালিত হবে। একই সময়ে বার্ষিক উৎপাদনশীলতা পুরস্কারও দেয়া হবে।

সভায় সংগঠনের মাধ্যমে অষ্টম শ্রেনীর পাঠক্রমে উৎপাদনশীলতা বিষয়টি অর্ন্তভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন এমপ্লয়িজ এসোসিয়েশন সভাপতি আনিসউদ্দোলা, ব্যবসায়ী নেতা শরীফ আফজাল ও হালিম শিকদার, এনপিসি’র অন্যান্য সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আনিসউদ্দোলা সংগঠনটিকে আরো কার্যকর করার জন্য এর স্বায়ত্বশাসন দাবি করেন।

এনপিসি পরিচালক নজরুল ইসলাম বলেন, আমাদের শিল্পের উৎপাদনশীলতা ৪০ শতাংশ। অথচ ভারতে এ হার ৫৫।