যারা নাইকোর সাথে চুক্তি বাতিলের দাবি করে তারা দেশের নয় নাইকোর স্বার্থ দেখতে চায়: মাহমুদ
জ্বালানি উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেছেন, যারা টেংরাটিলায় গ্যাস কূপ খননকারি প্রতিষ্ঠান নাইকোর সাথে চুক্তি বাতিলের দাবি করছে তারা দেশের নয় নাইকোর স্বার্থ দেখতে চায়।
বুধবার ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, চুক্তি বাতিল করলে সরকার ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ ও ক্ষতিপূরণ আদায়ে কিছুই করতে পারবে না। এতে ক্ষতিপূরণ আদায়ে মামলার নামে দেশের অর্থের অপচয় করা হবে।
তিনি বলেন, সরকার নাইকোর সাথে চুক্তি বহাল রেখে অগ্নি - নির্বাপন করে গ্যাস রক্ষা ও ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নিয়েছে। নাইকোর সাথে চুক্তির ব্যাপারে মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত সঠিক।
জ্বালানি উপদেষ্টা বলেন, নারায়ণগঞ্জ, ফতুল্লা ও চট্টগ্রামে গ্যাসের সিস্টেম লসের পরিমান সর্বোচ্চ ৩৪ শতাংশ। অথচ দেশের সার্বিক সিস্টেম লস এর থেকে অর্ধেক। জ্বালানি খাতের দুর্ণীতি ও সিস্টেম লস কমিয়ে আনতে দুর্ণীতিবাজ কর্মকর্তা ও কর্মচারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
জ্বালানী উপদেষ্টা বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর গ্যাস খাতে অধিক সিস্টেম লস দিচ্ছে, এমন এলাকার সর্বোচ্চ কর্মকর্তা থেকে কর্মচারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে নতুন স্টাফ দিয়ে সিস্টেম লসের কারণ খুঁজে বের করতে ভিজিলেন্স টিম মাঠে নামানো হচ্ছে। চোরাই গ্যাস ব্যবহারকারি শিল্প কারখানার মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
তিনি দুর্ণীতিবাজ ও অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ডিসিসিআই নেতাদের প্রতি আহ্বান জানান।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশে বর্তমানে বিদেশী বিনিয়োগকারিদের বিদ্যুত খাতে উৎসাহিত করা হচ্ছে। বিদেশীরা পারলে দেশীয় উদ্যোক্তারা কেন পারবেন না। তিনি দেশীয় উদ্যোক্তাদের কয়লা ক্ষেত্রগুলোর কাছে বিদ্যুত প্লান্ট স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি জানান, অস্ট্রেলিয়ার একটি কোম্পানী দেশের ভোলায় ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুত প্লান্ট স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে তারা গ্যাসের সংযোগ নেবে। ওই কোম্পানীটি একটি তরলায়িত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্লান্টও করবে। এখানে দেশীয় উদ্যোক্তাদেরও উৎসাহিত করা হবে।
সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন ডিসিসিআই সভাপতি সাইফুল ইসলাম। ডিসিসিআই মিলনায়তনের আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক সভাপতি নূরুল আবসার, বর্তমান পরিচালক খন্দকার আব্দুস সালাম, মোশাররফ হোসেন, সুরাইয়া আলম, কামালউদ্দিন আহমেদ, টি হোসেন এবং মোজাম্মেল হক।
