টঙ্গীর সোনালী টোব্যাকো কোম্পানি পুনরায় চালু করার দাবি
টঙ্গীর সোনালী টোব্যাকো কোম্পানি লিমিটেড পুনরায় চালু, ২৭৫ জন শ্রমিকের অবৈধভাবে ছাটাই প্রত্যাহার এবং কর্মচারীদের ১৫ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার বিকালে স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, সংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টঙ্গীর সোনালী টোব্যাকো কোম্পানি লিমিটেডের সিবিএ’র সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম।
সম্মেলনে শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে কতিপয় কর্মসূচির ঘোষণা করা হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ২০ জুলাই পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান, ২১ জুলাই শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল, ২২ জুলাই গণসংযোগ এবং ২৩ জুলাই রাজপথ অবরোধ।
উল্লেখ্য, গত ২৭ মার্চ কোম্পানির ২৭৫ জন শ্রমিককে ছাটাইয়ের ঘোষণা দেওয়ার পর থেকে শ্রমিক ও কর্মচারীরা আন্দোলন করে আসছে।
সংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী টোব্যাকো কোম্পানি লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সিবিএ’র সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব উল্লাহ (আবু) প্রমুখ।
