আগস্টের মাঝামাঝিতে কর ন্যায়পাল নিয়োগ করা হচ্ছে
যোগ্য ও সৎ লোকের অভাব স্বীকার করে নিয়েই আগস্টের মাঝামাঝিতে সরকার কর ন্যায়পাল নিয়োগ করবে বলে মঙ্গলবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান জানিয়েছেন।
বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এএইচ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে তার কার্যালয়ে সাক্ষাতকালে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
অর্থমন্ত্রী জানান, কর ন্যায়পালের মত একটি গুরুত্বপূর্ণ পদে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য তিনি উপযুক্ত লোক সন্ধান করছেন। মন্ত্রী বলেন, ‘আমাদের যোগ্য লোক খুঁজে পেতে খুবই সমস্যা হচ্ছে।’ এই পদের জন্য অনেকেই লবিং শুরু করেছে বলেও অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন।
রাজস্ব আদায়ে সীমাহীন দুর্নীতি দূর করে এই খাতকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে সরকার ১০ জুলাই সংসদে কর ন্যায়পাল বিল পাস করে।
বেসিক ব্যাংক কর্মকর্তাদের সাথে বৈঠকে অর্থমন্ত্রী মসলার আমদানী নির্ভরশীলতা কমিয়ে আনার জন্য কৃষকদের স্বল্পসুদে (২% হারে) ঋণ দেয়ার আহবান জানান। মন্ত্রী বলেন, ‘প্রতি বছর নয় লাখ টন পেঁয়াজ আমদানী ছাড়াও স্থানীয় চাহিদা পূরণের জন্য সয়াবিন, পাম অয়েল এবং মরিচও আমদানী করতে হয়।’
তিনি বলেন, গত কয়েক মাসে দেশে আমদানীর পরিমাণ বেড়ে দ্বিগুন হয়েছে।
