বরাদ্দসহ বিভিন্ন ব্যয়ে অনিয়মের জন্য জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির অসন্তোষ
বরাদ্দ প্রদানে দলীয়করণের ঘটনায় অসন্তোষ প্রকাশ করে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিরুদ্ধে আনা এক হাজার আটশ’ কোটি টাকার অডিট আপত্তি বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে ‘জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটি’।
কমিটি জানায়, যেখানে এক বছরে একটি জেলার দুই-তিনটি উপজেলা মাত্র দুই/তিনটি ভবন নির্মাণের জন্য বরাদ্দ পায়, সেখানে বগুড়ার সাতটি উপজেলা ৩১টি প্রকল্প লাভ করেছে। যার প্রতিটি ভবন নির্মাণ করতে ব্যায় হবে ১৩ থেকে ১৬ লাখ টাকা।
সভা সূত্র জানায়, বিএনপি ও আওয়ামী লীগের সদস্যসহ কমিটির অধিকাংশ সদস্য এই বরাদ্দ সম্পর্কে জানতে চেয়েছেন। এই ‘অনিয়মের বিষয়টি’ তদন্তের জন্য আওয়ামী লীগ সাংসদ ড. আব্দুর রাজ্জাক একটি উপ-কমিটি গঠনের সুপারিশ করেন।
তবে সরকারী দলের সাংসদ রাশেদুজ্জামান মিল্লাত এর বিরোধীতা করে বলেন, কোন এলাকায় বরাদ্দ দেওয়া বা না দেওয়ার বিষয়ে সরকারের ক্ষমতা রয়েছে।
এরপর কমিটির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি তদন্তের জন্য উপ-কমিটি গঠনের প্রস্তাব বাতিল করে দেন। তবে সভা থেকে গত চার বছরে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত দশটি সংসদীয় নির্বাচনীয় এলাকা এবং সর্বোনিম্ন বরাদ্দপ্রাপ্ত দশটি সংসদীয় নির্বচনীয় এলাকার তথ্য মন্ত্রণালয়ের কাছ জানতে চাওয়া হয়।
উন্নয়ন কার্যক্রমে সকল সংসদীয় নির্বাচনী এলাকায় সমান বরাদ্ধ দেওয়া হয়েছিল কিনা তা কমিটির সদস্যগণ পর্যবেক্ষণ করবে।
প্রকল্প কাজ সম্পূর্ণ করতে তার ব্যয় বৃদ্ধি করতে হয়েছিল কিনা তাও কমিটির সদস্যগণ পর্যবেক্ষণ করবেন।
সভায় ব্যয় অসামাঞ্জস্যতার একটি উদাহরণে দেখানো হয় যে, একটি প্রকল্পের ব্যয় হিসাব করা হয়েছিল ১৭ দশমিক ৭৯ লাখ টাকা এবং কার্যাদেশ দেওয়া হয়েছিল ১৬ দশমিক ৬৭ লাখ টাকা কিন্তু কাজ সম্পূর্ণ হবার পর খরচ দাঁড়িয়েছে ১৭ দশমিক ৩৯ লাখ টাকা।
কিভাবে এটা ঘটে এ বিষয়ে খাদ্য ও দূর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি সভায় জানান, কখনও কখনও বাস্তব কারণেই ব্যয় বৃদ্ধি পায় এবং সরকারের শুধুমাত্র শতকরা ১৫ ভাগ বরাদ্ধ বৃদ্ধির ক্ষমতা রয়েছে ।
আওয়ামী লীগ সাংসদ ড. আব্দুর রাজ্জাক এই ‘১৫ শতাংশ’ কে সরকারী দলের লোকেদের অতিরক্ত সুবিধা দেবার জন্য পদ্ধতিগত দূর্নীতি বলে উল্লেখ করেন।
বিএনপি’র মোশাররফ হোসেন মঞ্জু বলেন, প্রকৌশলীরা ইচ্ছাকৃতভাবেই প্রকল্প ব্যয় বৃদ্ধি করে।
সভা সূত্র জানায়, খাদ্য মন্ত্রণালয়ের এক হাজার একশ’ কোটি টাকা এবং দূর্যোগ মন্ত্রণালয়ের সাত শ’ কোটি টাকাসহ মোট এক হাজার আট শ’ কোটি টাকার অডিট আপত্তি গত দশ বছরে সুরাহা না হওয়ায় কমিটি বিস্ময় প্রকাশ করে।
