২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সম্ভাবনা নাকচ করলেন সাইফুর রহমান

এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। তবে ভবিষ্যতে পরিস্থিতি বাধ্য করলে এ ব্যাপারে ভেবে দেখা হবে বলে তিনি ইঙ্গিত দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

ক্রয়সংক্রান্ত মন্ত্রী পরিষদ কমিটির বৈঠক শেষে সোমবার সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে আমরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করছি না, তবে আগের মূল্য বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে’।

বৈঠকে কুয়েত পেট্রেলিয়াম করপোরেশনকে(কেপিসি) প্রথম কিস্তিতে ৫ দশমিক ৭ কোটি টাকা প্রদানের অনুমোদন দেয়া হয়।

এছাড়াও মন্ত্রী পরিষদ তিনটি পর্যায়ে ১ দশমিক ২২ টন সার ক্রয়, বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি ওয়াগন ক্রয় এবং পাঁচটি বাণিজ্য এলাকার জন্য চারটি প্রিশিপমেন্ট ইন্সপেকশন কোম্পানি নিয়োগের অনুমোদন দেয়।

তবে আরও যাচাই বাছাইয়ের নির্দেশ দিয়ে চট্টগ্রামে একটি পর্যটন মোটেল নির্মাণের প্রস্তাব ফেরত পাঠায় মন্ত্রী পরিষদ ।

সাইফুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় সরকারকে অতিরিক্ত ৫শ’ মিলিয়ন ডলার গুনতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরশনকে (বিপিসি) সরকার বছর শেষে শত শত কোটি টাকা ভর্তূকি দেয়।

অর্থমন্ত্রী বলেন, উৎপাদন কমে যাওয়ায় সার কোম্পানিগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর এর ফলে সরকার এই খাতে ভর্তূকি দিতে বাধ্য হচ্ছে।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম এই হারে বাড়তে থাকলে বাংলাদেশেও তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের আর কোনও উপায় থাকবে না।

তবে এই মুহূর্তেই এটা করা হচ্ছে না বলে তিনি জানান।

শিল্প মন্ত্রণালয়ের সুপারিশে বৈঠকে স্থানীয় চাহিদা মেটাতে ১ দশমিক ২২ লাখ মেট্রিক টন সার আমদানির পরিকল্পনা অনুমোদন করা হয়।

শিল্প মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে বর্তমানে ২৬ লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে।

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা, পলাশ ইউরিয়া সার কারখানা ও স্থানীয় অন্যান্য কোম্পানিগুলো উৎপাদন করে মাত্র ১৯ লাখ টন।

এবছর সাত লাখ টন ইউরিয়া সারের ঘাটতি থাকায় সরকার কাফকো থেকে তিন লাখ টন ইউরিয়া সার ক্রয় করে। এছাড়াও চীন ও মধ্যপ্রাচ্য থেকে আরও এক লাখ ২২ হাজার টন সার আমদানি করা হবে বলে সূত্র জানায়।

আমদানি সনদ সংগ্রহের জন্য যে চারটি প্রি-শিপমেন্ট ইন্সপেকশন (পিএসআই) কোম্পানিকে নিয়োগ দেয়া হয়েছে সেগুলো হচ্ছে: কোটেকনা, এসজিএস, ব্যুরো ভেরিটাস ও ইন্টার টেক সার্ভিস।

এর আগে সরকার পিএসআই পদ্ধতি প্রত্যাহারের পরিকল্পনা করেছিল। কিন্তু এ পদ্ধতির ফলে রাজস্ব আয় বৃদ্ধির কারণে পরিকল্পনাটি বাতিল করা হয়।