৭ দিনের মধ্যে গ্যাস চুরি বন্ধে অভিযান
গ্যাস চুরি বন্ধে নারায়ণগঞ্জ, শ্যামপুর ও ফতুল্লা শিল্প এলাকায় বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে তিতাস। অন্যদিকে চোরাচালান রোধে কোন জেলায় কি পরিমাণ ডিজেল ব্যবহার হচ্ছে তা নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
আজ সোমবার তিতাস এবং বিপিসি‘র কর্মকর্তাদের সাথে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এই নির্দেশ দেন বলে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান।
কর্মকর্তাদের মতে, তিতাসের বিতরণ এলাকায় সিস্টেম লস নামের চুরির বিচারে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে নারায়ণগঞ্জ, শ্যামপুর ও ফতুল্লা উল্লেখযোগ্য। আগামী সাত দিনের মধ্যে চুরি বন্ধে এই এলাকায় বিশেষ অভিযান শুরু হবে।
অভিযানের লক্ষ্য হবে সকল গ্রাহকের সংযোগ যাচাই করা। মিটার সিল করে দেয়া। যদি কোনো গ্রাহকের চুরি ধরা পড়ে তা হলে সাথে সাথে তার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে। আর উচ্চ হারে জরিমানা আদায়ের পরই কেবল তাদের সংযোগ দেয়া হবে।
তারা জানান, উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী কোনো গ্রাহকের সংযোগ চুরির কারণে দু’ বার বিচ্ছিন্ন করা হলে তা স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেয়া হবে। এছাড়া এই তিন এলাকার শিল্প গ্রাহকদের গ্যাস ব্যবহার মনিটরিং কাজের অংশ হিসেবে প্রতি তিন দিন পর পর মিটার রিডিং সংগ্রহ করা হবে।
জ্বালানি উপদেষ্টা আশা করছেন, এই কাজের মধ্য দিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে বর্তমান সিস্টেম লস ১৭ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে।
বিপিসি এবং তার কয়েকটি কোম্পানির সাথে বৈঠক প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, ডিজেল পাশের দেশে পাচার হয়ে যাচ্ছে এমন অভিযোগ আছে। তাই দেশের কোন জেলায় কি পরিমাণ ডিজেল ব্যবহার হচ্ছে তার উপর আগামী ১৫ দিনের মধ্যে বিপিসি একটি রিপোর্ট পেশ করবে।
তিনি জানান, রিপোর্টে ডিলারদের জিজেল বিক্রির ধরন ও ক্রেতার উপর তথ্য থাকবে। এতে কোথাও অবাস্তব হারে ডিজেল বিক্রি বেড়ে গেলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহজতর হবে।
আগামী সাত দিনের মধ্যে জ্বালানি তেলের মান নিয়ন্ত্রণে মন্ত্রনালয় আবারো বিএসটিআই এর সাথে কাজ শুরু করবে বলেও তিনি জানান। এতে ভেজাল ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মাহমুদুর রহমান জানান, কেরোসিন এবং ডিজেলের ব্যবহার কিভাবে কমিয়ে আনা যায় তা যাচাই করে দেখার জন্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করতে যাচ্ছে। তাদের রিপোর্ট এর উপর ভিত্তি করে এলপিজি ও সিএনজি ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে।
