২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইপি মর্যাদার জন্যে আগামী মাসে আবেদনপত্র চেয়েছে ইপিবি

রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) আগামী মাসে ২০০৬ সালের সিআইপি মর্যাদার জন্যে আবেদনপত্র চেয়েছে। এবছরের প্রস্তাবটি পাঁচ মাস ধরে মন্ত্রী পরিষদে আটকে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 10:11 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

ইপিবি সূত্র জানায়, ২০০৪ সালে ব্যুরো কমার্শিয়ালি ইম্পোর্টেন্ট পারসন (সিআইপি) অনুমোদনের জন্যে ২১১ জনের একটি তালিকা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায়।

মন্ত্রণালয় এ তালিকাটি ১০৫ জনের মধ্যে সংক্ষিপ্ত করে চূড়ান্ত অনুমোদনের জন্যে মন্ত্রী পরিষদে পাঠায়। কিন্তু পাঁচ মাসেও এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে জানান, আগের তিন বছরের মত গত ফেব্র“য়ারিতে ২০০৫ সালের জন্যে সিআইপির নামের বিস্তারিত তালিকা  ও প্রস্তাবনা পাঠানো হয়।

তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো ১০৫ জনের তালিকায় ৯৫ জনই ছিলেন রপ্তানীকারক এবং ১০ জন ছিলেন বিভিন্ন বাণিজ্যিক সংস্থার।

সরকার ১৯৮৯ সালে অর্থনীতিতে অবদানস্বরূপ সিআইপি মর্যাদার প্রবর্তন করে। প্রাথমিকভাবে শুধু রপ্তানীকারকদের এ মর্যাদা দেওয়া হত। পরে অন্যান্য ক্যাটাগরির ব্যবসায়ীদেরও এর অন্তর্ভুক্ত করা হয়।

এদিকে, সিআইপি অনুমোদন আপাতত স্থবির রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ ব্যাপারে কিছু বলছেন না।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমরা প্রতিবছর তালিকা মন্ত্রিপরিষদে পাঠিয়ে দিই।

কিন্তু মন্ত্রিপরিষদ কী কারণে এটা অনুমোদন করছে না, সে ব্যাপারে কর্মকর্তা কিছু বলতে নারাজ।