২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশসহ উন্নয়নশীল দেশেগুলোর পণ্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকার দিতে পারে ভারত

এবছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশেগুলোর পণ্য ভারতের বাজারে কোটা ও শুল্ক মুক্ত প্রবেশাধিকার পেতে পারে। বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী শনিবার একথা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

ভারতীয় বাণিজ্য মন্ত্রীকে উদ্ধৃৃত করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, ডিসেম্বরের ১৩ থেকে ১৮ তারিখ পর্যন্ত হংকংয়ে অনুষ্ঠেয় ষষ্ঠ বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগেই ভারত উন্নয়নশীল দেশগুলোর উৎপাদিত সবধরনের পন্যের ক্ষেত্রে কোটা ও শুল্কমুক্ত সুবিধা প্রদান করতে পারে।

বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে চীনের দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের মিনি বৈঠকের অভিজ্ঞতা বর্ননা করছিলেন । তিনি বলেন, আমি ভারতীয় বাণিজ্য মন্ত্রী কমল নাথের কাছে বাংলাদেশের সব ধরনের পন্যের শুল্ক মুক্ত সুবিধা দেয়ার আহবান জানিয়েছি।

ভারতীয় বাণিজ্যমন্ত্রী কমল নাথ এ ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসন চৌধুরী। তিনি আরও বলেন, ভারত যদি উন্নয়নশীর দেশগুলোকে এই সুবিধা দেয়, তাহলে বাংলাদেশও এই সুবিধা লাভ করবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে ভারতের বাজারে বাংলাদেশের মাত্র ৭৯টি পন্য শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। দ’ুদেশের মধ্যকার বাণিজ্য ভারসাম্যের ক্ষেত্রে ভারতের দিকেই পাল্লাটা ঝুঁকে আছে বেশি।  

ভারতের বাণিজ্যমন্ত্রী আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন এবং সে সময় এই বিষয়ে বিস্তারিত অলোচনা হবে বলে তিনি জানান।

সাধারণ জনগণের অস্থায়ী ভিত্তিতে যাতায়াতের ব্যাপারে বাংলাদেশের প্রস্তাবটি বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদেশগুলো স্বাগত জানিয়েছে।

বাংলাদেশের এই প্রস্তাব হংকং বৈঠকের মূল আলোচনায় স্থান পাবে বলে আশা করছেন  বাণিজ্যমন্ত্রী।

বিশ্ব বাণিজ্য সহজীকরণ সংক্রান্ত আলোচনার জন্য চীনে অনুষ্ঠিত বৈঠকে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য ৩০টি দেশের বাণিজ্যমন্ত্রীরা অংশগ্রহন করেন। দক্ষিণ এশিয়া থেকে ভারত বাংলাদেশ ও পাকিস্তান এই বৈঠকে অংশ নেয়। বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

হংকং সম্মেলনে উপস্থাপনের জন্য দালিয়ান বৈঠকে কৃষি ভর্তুকি হ্রাস, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ট্যারিফসহ অন্যান্য বাধা দুরীকরণ এবং দরিদ্র জনগোষ্ঠীর সাহায্যার্থে বাণিজ্যকে ব্যবহার সংক্রান্ত খসড়া প্রনয়ন করা হয়। 

সংস্থার বিদায়ী মহাপরিচালক সুপাচাই পানিচপাকদি ট্যারিফ ও কৃষিভর্তুকি হ্রাসের ধীরগতির অগ্রগতিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এত বেশি অমিমাংসিত বিষয় রয়ে গেছে যে, হংকং সম্মেলনে শুধু এইসব বিষয়গুলোর জন্যই ব্যর্থ হয়ে যেতে পারে।

জি-২০ গোষ্ঠির নতুন প্রস্তাবের আলোকেই বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে কৃষির ব্যাপারে আলোচনা হওয়া উচিত বলে একমত হয়েছে এই সংস্থার সদস্য দেশগুলো।

কৃষি সংক্রান্ত আলোচনার মূল বিষয়- বাজার সুবিধার ওপরই বেশি গুরুত্ব দেয়া হয়েছে জি-২০ প্রস্তাবে। তবে ইউরোপিয়ান ইউনিয়ন, জি-১০ এর মত খাদ্য আমদানীকারক দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কেয়ার্নস গ্র“পের সদস্যদের মত বৃহৎ রপ্তানী কারক দেশগুলোর মধ্যে এই প্রস্তাব নিয়ে মতবিরোধও রয়েছে।