শনিবার বাম দলগুলোর সকাল-সন্ধ্যা হরতাল ও ২৪ ঘণ্টার ধর্মঘট
শিল্প শ্রমিক-কর্মচারী রক্ষা সমন্বয় পরিষদ পাট শিল্প ও দুর্দশাগ্রস্থ শ্রমিকদের রক্ষার্থে আগামী ১৬ জুলাই দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ও ২৪ ঘণ্টার ধর্মঘট আহ্বান করেছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতিসহ বেশ ক’টি রাজনৈতিক দল তাদের এ হরতালের সমর্থনে একাত্মতা ঘোষণা করেছে।
শিল্প শ্রমিক-কর্মচারী রক্ষা সমন্বয় পরিষদের নেতারা বন্ধ পাটকলগুলো পুনরায় চালু, শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ, জাতীয় নিুতম মজুরি প্রদানের দাবিতে ডাকা হরতাল ও ধর্মঘট সফল করে তোলার জন্য দেশের সকল বামদল, প্রগতিশীল সংগঠন ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
হরতালের সমর্থনে বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক ফ্রন্ট রাজধানীর বিভিন্ন এলাকায় গণসমাবেশ করে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বৃহস্পতিবার হরতালের সমর্থনে রাজধানীর উত্তরা এলাকায় সমাবেশ করে। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
