ডিএসইতে পিপলস লিজিং এর তালিকাভুক্তি অনিশ্চিত
পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের আইপিও নীতি ভঙ্গের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির তালিকাভুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
ডিএসই কর্মকর্তারা জানান, কোম্পানিটি তাদের প্রাথমিক শেয়ার বরাদ্দের (আইপিও) জন্য প্রকাশিত প্রসপেকটাসে প্রয়োজনীয় সকল তথ্য উল্লেখ করেনি।
কোম্পানিটি মার্চে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় স্পন্সর শেয়ার হোল্ডার ও প্রি আইপিও শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে ২০০৪ সালের জন্যে ১৮ দশমিক ৮৫ শতাংশ বোনাস শেয়ারের ঘোষণা করে এবং সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে এর অনুমোদনের অনুরোধ জানায় কিন্তু এসইসি তা অনুমোদন দেয়নি।
ডিএসই বুধবার তালিকাভুক্তি নিয়ে এক বৈঠক শেষে প্রসপেকটাসে লভ্যাংশের অসংযুক্তিকরণসহ বেশ কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে কোম্পানির কাছে একটি চিঠি পাঠায়।
ডিএসই’র মতে লভ্যাংশের অনুমোদন আইপিও অংশগ্রহণকারিদের বিষয়টি আমলে নিলে আইপিও অংশগ্রহণের হার ২৭ শতাংশ থেকে ২৩ দশমিক সাত শতাংশে দাঁড়ানোর কথা।
কিন্তু ক্ম্পোানি এ বিষয়ে ৩১ মার্চে প্রকাশিত প্রোসপেকটাসে এ বিষয়ে কোন তথ্য উল্লেখ করেনি।
গত ৪ এপ্রিল কোম্পানি তালিকাভুক্তির জন্য আবেদন করলে ডিএসই কোম্পানিটির এ অসংগতিগুলো সনাক্ত করে।
ডিএসই’র নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমদ খান বিডিনিউজকে বলেন, লভ্যাংশ অনুমোদন সম্পর্কে সম্প্রতি কোম্পানীটি ডিএসইকে জানিয়েছে তারা এসইসির অনুমোদনের জন্য অপেক্ষা করছে। কিন্তু এসইসি অনেক আগেই আনুমোদন বাতিল করেছে।
এসইসি চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি সংশ্লিষ্ট কাগজপত্র না দেখে কোন মন্তব্য করবেন না বলে জানান।
ডিএসই’র সিইও বলেন, কোম্পানিটির কাছ থেকে জবাব পেলে তালিকাভুক্তি কমিটি আগামী সপ্তাহে বৈঠকে বসবেন।
পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড গত মে মাসে ছয় কোটি ৩৬ লাখ টাকার প্রাথমিক শেয়ার বাজারে ছাড়ে।
