সুপার হাইওয়ে সংযোগের অনিশ্চয়তার অভিযোগ প্রত্যাখ্যান করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যরিস্টার আমিনুল হক বৃহস্পতিবার কক্সবাজারে বাংলাদেশ সাব মেরিন ক্যাবল প্রকল্পের ল্যাণ্ডিং স্টেশন এবং বিচ ম্যানহোল পরিদর্শন করেন। বিটিটিবি সূত্র এ কথা জানায়।
এ সময়ে তিনি সাবমেরিন লাইন টার্মিনেটিং ইক্যুপমেন্ট (এসএলটিই), সিংক্রনাইজিং ডিজিটাল হায়ারারকি (এসডিএইচ), পাওয়ার ফিডিং ইক্যুপমেন্ট (পিএফডি) ও পাওয়ার স্টেশনসহ ক্যাবল ভল্ট, প্রশাসনিক এলাকা, নির্মাণাধীন ভবনসমূহ ও অত্যাধুনিক যন্ত্রপাতিসমূহ ঘুরে দেখেন।
পরিদর্শণ শেষে মন্ত্রী বলেন, সুপার হাইওয়ের সাথে যুক্ত হতে ব্যর্থ হওয়ার আশংকা ভিত্তিহীন। কেননা দ্রুতগতিসম্পন্ন ব্যান্ডউইথের সাথে যুক্ত হওয়ার ব্যাপারে বাংলাদেশ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
মন্ত্রী প্রকল্পের কর্মকর্তাদের বিচ ম্যানহোলের নিরাপত্তা জোরদার করতে বলেন। এই পয়েন্ট দিয়ে ক্যাবলের মাধ্যমে আন্তর্জাতিক রুট এবং ল্যাণ্ডিং স্টেশন সংযুক্ত হবে।
সাবমেরিন ক্যাবলের সম্ভাবনার ব্যাপারে মন্ত্রী সাংবাদিকদের বলেন, এই প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ ব্রডব্যাণ্ড সার্ভিস, কল সেন্টার সার্ভিস, সফটওয়্যার রপ্তানি বেং আইটি গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, সাবমেরিন ক্যাবল প্রকল্পের বাস্তবায়নের পর ই-গভর্নেন্স, ই-এডুকেশন, টেলি-মেডিসিন, ই-কমার্সও চালু হবে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের জেনারেল ম্যানেজার এবং প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন মন্ত্রীকে কক্সবাজারের ঝিলংজায় ল্যান্ডিং স্টেশন এবং সমুদ্র সৈকতে বিচ ম্যানহোল ঘুরে দেখান।
প্রকল্প সূত্র জানায়, কক্সবাজারে সাবমেরিন ক্যাবল প্রকল্পের ল্যান্ডিং স্টেশনের পরীক্ষামূলক কাজ সম্প্রতি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। স্টেশনের বাকি ভবন নির্মাণের কাজ এগিয়ে চলছে।
পরীক্ষামূলক সংযোগের সময় চেন্নাই ও সিঙ্গাপুরের সাথে নেটওয়ার্ক স্থাপন করা হয়।
সাবমেরিন ক্যাবল প্রকল্পের মূল ঠিকাদারী প্রতিষ্ঠান জাপানের টেকিলম কোম্পানি ফুজিৎসু’র দুইজন বিশেষজ্ঞ ল্যান্ডিং স্টেশনে কাজ করে যাচ্ছেন।
প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনসহ বীচ ম্যানহোল ও ল্যান্ডিং স্টেশন এবং উপকলূীয় এলাকায় ১২ শ’ ৬০ কিলোমিটার সাবমেরিন ক্যাবল স্থাপন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
অন্যদিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ১ শ’ ৬০ কিলোমিটার ক্যাবল স্থাপনের জন্য দশ সদস্য বিশিষ্ট দরপত্র মূল্যায়ন কমিটি (টিইসি) গঠিত হওয়ার পর দুই মাস অতিবাহিত হলেও কমিটি এখনও দরপত্র মূল্যায়ন করেনি।
