মাদক পূনর্বাসন কেন্দ্রের ব্যবসা নিয়ন্ত্রণ করতে নতুন বিধিমালা প্রনয়ণ হচ্ছে
মাদক পূনর্বাসন কেন্দ্রের ব্যবসা নিয়ন্ত্রণ করতে সরকার নতুন বিধিমালা প্রনয়নের উদ্যোগ নিয়েছে। পুনর্বাসনকেন্দ্রগুলোর সেবা প্রদানের পরিবর্তে শুধু অর্থ আয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ বলে সরকারের কাছে অভিযোগ রয়েছে।
মাদক নিয়ন্ত্রণ বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে জানান, আইন মন্ত্রণালয় ইতিমধ্যেই এ সংক্রান্ত বিধিমালা অনুমোদন করেছে। এখন এটি শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে ।
এর আগে ২০০৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনিয়ন্ত্রিতভাবে মাদকদ্রব্য পুনর্বাসন কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি রোধ করতে নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছিল। তারা আরও উল্লেখ করেছিল, স্বাস্থ্য অধিদপ্তর বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোন তত্ত্ববধান ছাড়া তারা বছরের পর বছর ব্যবসা চালিয়ে যাচ্ছে।
বিশিষ্ট মনোবিজ্ঞানী অধ্যাপক নাজিমউদ্দোলা চৌধুরী এ প্রসঙ্গে বলেন, সরকারের সদিচ্ছার সুযোগ নিয়ে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী পুনর্বাসন কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি, বিশেষজ্ঞ এবং অবকাঠামো ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর সাব জোনের উপ পরিচালক আবদুল্লাহ আল বাকি এ প্রসঙ্গে বলেন, এরা মাদকাসক্ত ও তাদের অভিবাবকদের প্রতারণা করে টাকা কামিয়ে যাচ্ছে। কিছু কিছু পুনর্বাসন কেন্দ্র মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত বলে আমাদের কাছে অভিযোগ আছে।
জাকির হোসেন (৩৬) নামে পুরান ঢাকার একজন মাদকাসক্ত জানান, তার ১৫বছরের নেশার সময়ে ১০ বার পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন। কিন্তু তিনি সুস্থ হয়ে উঠতে পারেন নি। তিনি আরও উল্লেখ করেন, তার পরিচিত অনেকের ক্ষেত্রে এ ধরণের ঘটনা ঘটেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আবদুল্লাহ আল বাকি জানান, অধিদপ্তরের তালিকাভূক্ত হয়ে দুই বা তিন কক্ষের একটি বাড়ি ভাড়া নিয়েই তারা ব্যবসা শুরু করে।
মনোবিজ্ঞানী অধ্যাপক নাজিমউদ্দোলা চৌধুরীর মতে, প্রতিটি কেন্দ্রে দুইজন মনোবিজ্ঞানী, একজন সমাজকর্মী এবং বেশ কয়েকজন প্যারা মেডিকেল বিশেষজ্ঞ থাকা আবশ্যক। তবে তিনি মনে করেন, শুধু কঠোর নীতিমালার প্রনয়নের মাধ্যমে এ অসুস্থ ব্যবস্থা বন্ধ করা সম্ভব নয়। কারণ এর তত্ত্ববধানের দায়িত্বে নিয়োজিতদের মধ্যে অনেকেই দুর্নীতির সঙ্গে জড়িত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ি, ঢাকায় ৩০ টি পুনর্বাসন কেন্দ্র আছে। কিন্তু পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ি এর সংখ্যা দুই শ’র কম হবে না।
বাংলাদেশে বহুল ব্যবহৃত মাদকের মধ্যে রয়েছে হেরোইন, ফেনসিডিল, গাঁজা, ইনজেকশন এবং রেকটিফাইড স্পিরিট। অধিদপ্তরের এক জরিপ অনুযায়ি, আসক্তদের মধ্যে ৭৫ ভাগই হেরোইনে , ১০ ভাগ ফেনসিডিল এবং ৮ ভাগ গাঁজা আসক্ত। জরিপ অনুযায়ি, আসক্তদের মধ্যে ৮১ ভাগই ২০ থেকে ৩৪ বছরের মধ্যে এবং ৫ ভাগ ১৫ থেকে ১৯ বছর বয়সী।
১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইন অনুযায়ি, সরকার মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করবে এবং কোন ব্যক্তির প্রয়োজন হলে তাকে ডাক্তার বা পুনর্বাসন কেন্দ্রে পাঠাবে। কিন্তু সরকারি পর্যায়ে ঢাকায় ৪০ বেডের হাসপাতাল এবং চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় পাঁচ বেডের সুবিধা আছে।
