২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এজিএম করতে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এসইসি

সিকিউরিটিজ এণ্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মঙ্গলবার এক সভায় ঘোষণা দিয়েছে তালিকাভুক্ত যেসব কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেযা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

গত কয়েক বছর ধরে দুই ডজনেরও বেশি কোম্পানি তাদের বার্ষিক সাধারণ সভা করতে ব্যর্থ হওয়ার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হলো।

সূত্র জানায় বার বার মনে করিয়ে দেয়ার পরেও ২৫টি তালিকাভুক্ত কোম্পানি তাদের এজিএম করেনি। ২০০৪ সালের ডিসেম্বর পর্যন্ত এ ধররেন কোম্পানির সংখ্যা ছিলো ৪২টি। ২০০৫ সালের জানুয়ারি থেকে জুন সময়ের মধ্যে ১৭টি কোম্পানি তাদের এজিএম সম্পন্ন করে।

মঙ্গলবারের সভায় এসইসি ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ম্যাক এন্টারপ্রাইজ লিমিটেডের স্থগিত এজিএম’র বিষয়য়েও আলোচনা করে। ২৭ জুন এ দুটো কোম্পানির এজিএম অনুষ্ঠানের কথা ছিলো। কোম্পানি দুটো ২০০১ সালের পর আর কোনও বার্ষিক সাধারণ সভা করতে পারেনি। এবং স্থগিত করার পর নতুন করে কবে এজিএম করতে পারবে সে ব্যাপারে কোনও তারিখও ঘোষণা করেনি।

এসইসি’র নির্বাহী পরিচালক মানসুর আলম বলেন, কমিশন এ ধরনের কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তিনি বলেন, যেসব কোম্পানি এজিএম অনুষ্ঠানে ব্যর্থ হয়েছে তাদের শেয়ারহোল্ডাররা তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তবে মানসুর স্বীকার করেন যে, কোনও কোনও কোম্পানি মামলার কারণে বার্ষিক সাধারণ সভা করতে পারছেনা।

এর মধ্যে রয়েছে ইউনাইটেড কমর্সিয়াল ব্যাংক লি., করিম পাইপ মিল্স লি., মেঘনা ভেজিটেবল ওয়েল ইন্ডাস্ট্রিজ লি., আইএফআইসি ব্যংক লি., জিইএম নিটওয়্যার ফেব্রিকস কোং লি. ও খাজা মোজাইক টাইলস এন্ড স্টোন ইন্ডাস্ট্রিজ লি.।

এর মধ্যে কয়েকটি কোম্পানি ১৯৯৭ সালের পর আর কোন বার্ষিক সাধারণ সভা করতে পারেনি।

শিল্প মন্ত্রণালয় ও কোম্পানি ব্যবস্থাপনার সাথে বিরাজমান সংকটের কারণে দ্য মেটালেক্স কর্পোরেশন লি. নামের একটি কোম্পানি ১৯৯৬ সালের পরে কোনও এজিএম করতে ব্যর্থ হয়।