পাইপ লাইন প্রকল্প নিয়ে ভারত, বাংলাদেশ, মায়ানমার এর বিশেষজ্ঞ পর্যায়ে আবারো বৈঠক
ত্রিদেশীয় গ্যাস পাইপ লাইন নিয়ে ঢাকা - দিল্লীর মধ্যে মতপার্থক্য দূর করতে চলতি মাসের শেষ ভাগে ইয়াঙ্গুনে বাংলাদেশ, ভারত ও মায়ানমারের জ্বালানি বিশেষজ্ঞদের এক বৈঠক হতে যাচ্ছে।
পাইপ লাইন নির্মাণে তিন দেশের মধ্যে নেগোসিয়েশনের জন্য গঠিত টেকনো কমার্শিয়াল কমিটির এটি হবে দ্বিতীয় বৈঠক। সোমবার এই রিপোর্ট প্রকাশ করেছে মায়ানমার টাইমস।
এই কমিটি গত ফেব্রুয়ারি মাসে ইয়াঙ্গুনে বসে তিন দেশের জ্বালানি মন্ত্রীদের স্বাক্ষরের জন্য একটি সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়া চূড়ান্ত করেছিলো। তিন দেশের সরকারের উচ্চ পর্যায়ে এই এমওইউ অনুমোদন সাপেক্ষে গত এপ্রিল মাসে ঢাকায় তা স্বাক্ষর হওয়ার কথা ছিলো।
তবে এই বৈঠকের ব্যাপারে জ্বালানি মন্ত্রণালয় এবং পেট্রোবাংলায় যোগাযোগ করলে সংশ্লিষ্টরা এখনো কিছু জানেন না বলে উল্লেখ করেন।
নাম প্রকাশ না করার শর্তে পেট্রোবাংলার একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, টেকনো কমার্শিয়াল কমিটির নতুন করে বসার আর এখনই দরকার নেই। বাংলাদেশের পক্ষ থেকে খসড়া এমওইউ স্বাক্ষরের জন্য অনুমোদন এবং বাংলাদেশের তিন শর্ত ভারত কিভাবে পূরণ করতে চায় সেটা চূড়ান্ত হলেই প্রাথমিক কাজ শেষ হবে। তারপর তিন দেশের জ্বালানি মন্ত্রীদের এমওইউ স্বাক্ষরের পর শুরু হবে ঐ কমিটির দ্বিতীয় দফা কাজ।
মায়ানমারের পশ্চিম রাখাইন উপকূলের দু’টি গ্যাস ক্ষেত্র থেকে ভারতে গ্যাস নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান মোহনা হোল্ডিং এক বিলিয়ন ডলারের এই ত্রিদেশীয় পাইপ লাইন নির্মাণের প্রস্তাব করে।
করিগরি কমিটির প্রথম বৈঠকে চূড়ান্ত করা হয়, টেকনাফ হয়ে বাংলাদেশ অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গে যাবে এই পাইপ লাইন। একই সাথে ত্রিপুরার গ্যাস এই পাইপ লাইনে আনার জন্য ব্রাম্মনবাড়িয়া থেকে ত্রিপুরা পর্যন্ত একটি লুপ লাইন নির্মাণ করা হবে। ঐ বৈঠকে মায়ানমারের গ্যাস ভারতে নেয়ার জন্য আর যে চারটি বিকল্প নিয়ে কথা হচ্ছিল তা পরিত্যক্ত হয়।
বাংলাদেশ এই পাইপ লাইন নির্মানে রাইট অব ওয়ে দেয়ার জন্য তিনটি শর্ত পুরণে ভারতকে অনুরোধ জানায়। ভারত তাতে সম্মত হয়ে প্রস্তাব দেয়ার অনুরোধ করে। এই শর্ত তিনটি হচ্ছে, দু’ দেশের মধ্যে বাণিজ্য বৈষম্য কমিয়ে আনা এবং নেপাল এবং ভুটানের সাথে বাণিজ্য এবং বিদ্যুত পরিবহনের জন্য ভারতীয় করিডোর সুবিধা প্রদান।
সম্প্রতি দিল্লীতে মায়ানমার এবং ভারতের জ্বালানি মন্ত্রীর মধ্যে বৈঠকের আগে ধারণা করা হচ্ছিলো, বাংলাদেশের শর্তের কারণে ভারত বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প পথে মায়ানমারের গ্যাস ভারতে নিতে চায়। এর জন্য একটি উপদেষ্টা প্রতিষ্ঠান নিয়োগের খবরও পত্রিকায় প্রকাশিত হয়।
কিন্তু বৈঠক শেষে দুই দেশের জ্বালানি মন্ত্রীরা সম্মত হন যে ভারত বাংলাদেশের সাথে ত্রিদেশীয় গ্যাস পাইপ লাইন নির্মাণে চুক্তি স্বাক্ষরের চেষ্টা অব্যাহত রাখবে। একই সাথে ঢাকাও মনে করে তথাকথিত ঐ বৈঠক এই প্রকল্প নিয়ে সমঝোতায় কোনো বাঁধা হয়ে দেখা দেবে না।
জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, æত্রিদেশী বিষয়কে মাথায় রেখেই এই প্রকল্পে হাত দেয়া হয়েছে। বাংলাদেশকে পাস কাটিয়ে এই প্রকল্প করলে তা কোনোভাবেই আর্থিক বিচারে লাভজনক হবে না।”
গত জানুয়ারি মাসে তিন দেশের জ্বালানি মন্ত্রীদের বৈঠকে এই ত্রিদেশী পাইপ লাইন স্থাপনে ঐকমত্য হয়। একই সাথে বাংলাদেশের তিন শর্ত মানতেও সম্মত হয় ভারত। আর ঐ বৈঠকেই গঠন করা হয় টেকনো কমার্শিয়াল কমিটি।
