সংসদে বহুল আলোচিত কর ন্যায়পাল বিল পাস
জাতীয় সংসদে রোববার বহুল আলোচিত ও দীর্ঘ প্রতিক্ষিত ‘কর ন্যায়পাল বিল ২০০৫’ কন্ঠভোটে পাস হয়েছে।
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠকে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সংসদীয় স্থায়ী কমিটিতে সংশোধিত ও সুপারিশকৃত আকারে বিলটি পাসের জন্য সংসদে উপস্থাপন করেন।
এর আগে গত ৫ জুলাই অর্থমন্ত্রী এম সাইফুর রহমান কর ন্যায়পাল বিল-২০০৫ সংসদে উত্থাপন করেন। পরবর্তীতে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। কমিটির কিছু সুপারিশসহ বিলটি সংসদে আবার উত্থাপন করা হয়।
বিলটি পাসের আগে জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাব করেন কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় পার্টির গোলাম হাবিব দুলাল, হাফিজ উদ্দিন আহমেদ, মশিউর রহমান রাঙ্গা ও স্বতন্ত্র এমপি এমএম শাহীন।
জনমত যাচাইয়ের প্রস্তাব এনে কাদের সিদ্দিকী রাজস্ব বিভাগের দুর্নীতির কঠোর সমালোচনা করেন এবং এ ব্যাপারে সরকারকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
পরে বিরোধী দলের সংসদ সদস্যদের আনীত ছাটাই প্রস্তাবও সংশোধনীগুলো কন্ঠভোটে নাকচ হয়ে যায়।
উল্লেখ্য কর প্রশাসনে স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য কর ন্যায়পাল নিয়োগ বর্তমান সরকার বিশেষ করে অর্থমন্ত্রীর একটি প্রতিশ্র“তি ছিল।
বিলটি পাসের প্রস্তাব করে অর্থমন্ত্রী বলেন, বিশ্বের সব দেশেই দুর্নীতি রয়েছে। যেখানে টাকার ব্যাপার সেখানেই দুর্নীতি বিদ্যমান। বিশ্বের উন্নত দেশগুলোতেও দুর্নীতি রয়েছে। বর্তমান সরকার আইন পাস করে দুর্নীতি বন্ধের পদক্ষেপ নিয়েছে। তিনি বিশ্বাস করেন, কর ন্যায়পাল বিল পাস হলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে এবং করদাতারা হয়রানির হাত থেকে রক্ষা পাবে।
অর্থমন্ত্রী বলেন কর আদায় করতে গিয়ে সব দেশেই দুর্বলতা, অপশাসন ও দুর্নীতি হয়। বাংলাদেশেও হচ্ছে, ফেরেশতা দ্বারা পৃথিবীর কোনও দেশ পরিচালিত হয় না। কোন দেশে দুর্নীতি নেই তা বলা যাবে না; কোন দেশে কম, কোন দেশে বেশি।
তিনি বলেন, আওয়ামী লীগ আমলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা ক্ষমতায় আসার পর দুর্নীতি কমানোর জন্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করি। আমরা দুর্নীতির মতো অভিযোগ থেকে দেশকে উদ্ধারের চেষ্টা করছি। এ প্রসঙ্গে তিনি আইন করে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনের কথা বলেন।
কর ন্যায়পাল প্রসঙ্গে তিনি বলেন, আমি নিজেও বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে এই আইনের মডেল পর্যবেক্ষণ করেছি। ছোট করদাতাদের হয়রানি বন্ধের জন্যই কর ন্যায়পাল আইনের প্রস্তাব করা হয়েছে।
