দুর্নীতি ও পর্যবেক্ষণের অভাবে উপকূলীয় অঞ্চলের উন্নয়ন প্রকল্প অকার্যকর
কোটি কোটি টাকা বরাদ্দ করা সত্ত্বেও দুর্নীতি ও পর্যাপ্ত পর্যবেক্ষণের অভাবে উপকূলীয় অঞ্চল ও এর অধিবাসীদের জন্যে গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহ কার্যকর হচ্ছে না বলে দেশের নীতি নির্ধারকরা মত প্রকাশ করেছেন।
শনিবার নগরীর একটি হোটেলে সমন্বিত উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা পরিকল্পনা প্রকল্পের অধীনে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) এবং উপকূলীয় অঞ্চল সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা সংস্থা যৌথভাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ মত প্রকাশ করা হয়।
সভায় উপকূলীয় প্রকল্প কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা বোর্ড গঠন এবং এর মাধ্যমে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও মনিটরিং করার প্রতি মন্ত্রী এমপিরা গুরুত্বারোপ করেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী সভাপতিত্বে অনুষ্ঠিতসভায় পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পানি সম্পদ মন্ত্রী উপকূলীয় অঞ্চল ও নদী অববাহিকায় বসবাসরত তিন কোটি মানুষকে রক্ষার জন্য জনপ্রতিনিধিদেরকে উন্নয়ন প্রকল্প পর্যবেক্ষণের পরামর্শ দেন।
তিনি উপকূলীয় এলাকার ২৯টি জেলার ৪৭টি উপজেলার উন্নয়ন ধীর গতির বলে অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের প্রথম দিকে উপকূলীয় অঞ্চলের জন্য বাজেটে ১১ ভাগ বরাদ্দ ছিল। এখন এ বরাদ্দ কমে তিন ভাগে এসে নেমেছে।
হাফিজ উদ্দিন বলেন, নদী ভাঙ্গণ রোধ খুবই ব্যয়বহুল। কেননা এক মিটার নদী অববাহিকা রক্ষার জন্য খরচ পড়ে প্রায় তিন লাখ টাকা।
সভায় উপকূলীয় অঞ্চলের ১৬ জন সংসদ সদস্য, আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, উপকূলীয় অঞ্চল সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা সংস্থার সভাপতি হাসনা জে মওদুদ, পরিবেশবিদ ড. আইনুল নিসাত, আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর ও অর্থ প্রতিমন্ত্রী শাহ আবুল হোসেন উপস্থিত ছিলেন।
