২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীর মন্তব্যে সরকারের চরম ব্যর্থতার কথাই প্রকাশিত হয়েছে: আবদুল জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেছেন, অর্থমন্ত্রী এম সাইফুর রহমান জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে ‘রাজস্ব বিভাগ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, যোগাযোগ, শিক্ষাসহ কোনও মন্ত্রণালয় ফেরেস্তা নয়’ বলে যে মন্তব্য করেছেন, তাতে এ সরকারের চরম ব্যর্থতার কথাই প্রকাশিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 10:16 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

তিনি আরও বলেন, জাতীয় সংসদের মতো পবিত্র অঙ্গনে এ নির্মম সত্য স্বীকার করার পর এ সরকারের আর একটি মুহূর্ত ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে তিনি আরও বলেন, অর্থমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে একথাও বলতে দ্বিধা করেন নি, ‘এই দুর্নীতিবাজদের বাদ দিতে গেলে আমার অফিস চালানোই কঠিন হয়ে পড়বে।’ তার এ বক্তব্যের মধ্য দিয়ে একথাই প্রমাণিত হয়েছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয়। কারণ, তারা নিজেরাই দুর্নীতির স্রষ্টা এবং দুর্নীতিবাজ।

বিবৃতিতে জলিল আরও বলেন, যে দেশে সরকার প্রধান, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকার দলীয় এমপি, নেতাকর্মীরা দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত হয়, সেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের পক্ষে দুর্নীতির করালগ্রাস থেকে নিজেদের রক্ষা করা দুরূহ।