২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃসীমান্ত গ্যাস পাইপলাইনের জন্য ভারত মায়ানমারের কার্যকরী কমিটি গঠন

বাংলাদেশকে পাশ কাটিয়ে  মায়ানমার থেকে ভারতে সরাসরি গ্যাস পাইপ লাইন স্থাপনের সম্বাব্যতা যাচাইয়ের জন্যে নয়াদিল্লি ও ইয়াঙ্গুন টেকনো কমার্সিয়াল কমিটি গঠন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

নয়দিল্লিতে বুধবার মায়ানমারের জ্বালানি মন্ত্রী লুন থির সাথে বৈঠক শেষে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী মনি শংকর আইয়ার জানান, একটি যৌথ দল নৌ পথে তরলকৃত বা কমপ্রেসড গ্যাস আমদানির ক্ষেত্রে সম্ভব্্যতা যাচাই করে দেখবে ।

সুত্র জানায়, তারা বাংলাদেশকে ব্যবহার ছাড়া মায়ানমার থেকে ভারতে গ্যাস নেয়ার ক্ষেত্রে সম্ভব্যতা যাচাইয়ের জন্য ইতালীয় কোম্পানি ø্যাম প্রোগেতিকে দায়িত্ব দিয়েছে।

ঢাকাস্থ এক ভারতীয় কর্মকর্তা জানান, বাংলাদেশ, ভারত, মায়ানমারের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি কমিটি এ প্রকল্পের ব্যপারে কাজ করলেও এ পর্যায়ে ওই দুটি দেশই টেকনো  কমার্সিয়াল কমিটি গঠন করেছে।

জানুয়ারিতে ইয়াঙ্গুনে তিন দেশের জ্বালানি মন্ত্রীদের বৈঠক শেষে প্রথম কমিটিটি গঠন করা হয়। সেই বৈঠকে মায়ানমার থেকে বাংলাদেশের ওপর দিয়ে ভারতে ৯শ’ কিলোমিটার পাইপলাইনের ব্যাপারে সম্মত হয়ে একটি যৌথ বিবৃতি ইস্যু করা হয়।

তিনদেশীয় এই কমিটি ফেব্রুয়ারিতে একটি সমঝোতা স্মারকের খসড়া তৈরি করে এবং তা তিন দেশের জ্বালানি মন্ত্রীদের দ্বিতীয় বৈঠকে স্বাক্ষর করা হবে বলে আশা করা হচ্ছে।

কর্মকর্তা আরো জানান, তিন দেশের জ্বালানি মন্ত্রীদের আবার বসার আগেই বুধবার ভারত ও মায়ানমারের জ্বালানি মন্ত্রীরা বৈঠকে বসেছেন। বাংলাদেশকে এ বৈঠকের ব্যাপারে মাত্র একদিন আগে মঙ্গলবার জানানো হয়েছিল।

সুত্র জানায়, ভারত এখন বাংলাদেশকে পাশ কাটানোর চেষ্টা করছে। বাংলাদেশের ওপর দিয়ে ক্রসবর্ডার পাইপলাইন নেয়ার ক্ষেত্রে বাংলাদেশের শর্ত বাস্তবায়নে নয়দিল্লি সম্মত নয়।

বাংলাদেশের শর্ত হচ্ছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিপুল পরিমানের বাণিজ্য ঘাটতি কমিযে আনতে হবে এবং বাংলাদেশের সাথে ভুটান ও নেপালের সাথে সরাসরি বাণিজ্য সুযোগ সৃষ্টিতে একটি ট্রানজিট সুবিধা দিতে হবে, যাতে করে বাংলাদেশ হিমালয় পাদদেশীয় ওই দুটো দেশ থেকে সস্তায় বিদ্যুৎ আমদানি করতে পারে।

জানুয়ারিতে তিন দেশের যৌথ বিবৃতি ছাড়াও বাংলাদেশ এবং  ভারতের জ্বালানি মন্ত্রীরা পৃথক একটি দ্বিপাক্ষিক বিবৃতিও  দেন যাতে নয়াদিল্লি বাংলাদেশের চুক্তি মেনে নেবে বলে আশ্বাস দেয় এবং পূর্ণাঙ্গ প্রস্তাব দিতে বলে।

পরে বাংলাদেশ পূর্ণাঙ্গ প্রস্তাবনা উপস্থাপনের জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে। কিন্তু এ চুক্তি হস্তান্তর করার আগেই ভারত ও মায়ানমার বাংলাদেশকে পাশ কাটানোর সিদ্ধান্ত নেয়।