২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাটার সঙ্গে দ্বিতীয় দফায় ফলপ্রসূ আলোচনা, তবে সিদ্ধান্ত হয়নি

বাংলাদেশে টাটা গ্রুপের আড়াই বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় রাউন্ডের আলোচনা শেষে বৃহস্পতিবার উভয় পক্ষই আলোচনা ফলপ্রসু হয়েছে বলে দাবি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

তবে স্থান নির্বাচন, গ্যাসের মুল্য ও বিদ্যুৎ ক্রয় ইস্যু নিয়ে বাংলাদেশ সরকার ও ভারতের বৃহত্তম কোম্পানি টাটার মধ্যকার ছয় দিনের আলোচনা শেষেও কোনও সিদ্ধান্ত গৃহীত হয় নি।  

অর্থসচিব জাকির আহমেদ খানের সঙ্গে বৈঠক শেষে টাটার নির্বাহী পরিচালক এলান রোজলিং বলেন, এটি একটি বড় ও জটিল প্রকল্প। এ সকল ইস্যু নিয়ে আলোচনায় উভয় পক্ষই পেশাদারি মনোভাব দেখিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ দফা আলোচনায় পরিকল্পিত বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে ভালো অগ্রগতি হয়েছে।

উভয় পক্ষ চলতি মাসের শেষে পুনরায় আলোচনা শুরুর ব্যাপারে সম্মত হয়েছে।

এর আগে টাটা গ্রুপ বাংলাদেশে ইস্পাত, সার এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য আড়াই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।

টাটা গ্রুপ ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা শুরু হয় মে মাসে। ধারণা করা হচ্ছে আগস্টের ৩১ তারিখে উভয় পক্ষের যৌথ ঘোষণার মধ্য দিয়ে এই আলোচনা শেষ হবে।

জুলাইয়ের ২ থেকে ৭ তারিখ পর্যন্ত দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হয় । এ সময়ে পরিকল্পিত শুল্ক কাঠামো, বিদ্যুৎ ক্রয়, গ্যাসের মুল্য, জমি বরাদ্দ, প্ল্যান্টের জন্য স্থান নির্বাচন এবং বিনিয়োগ সুবিধার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

টাটা  ইস্পাত প্ল্যান্টের জন্য কুষ্টিয়ার ভেড়ামারায় ২ হাজার একর, বিদ্যুৎ প্রকল্পের জন্য বড়পুকুরিয়ায় ৬০০ একর এবং সার প্রকল্পের জন্য চট্টগ্রামে ৪০০ একর জমি চেয়েছে।

বৈঠক সূত্র জানায়, স্থান নির্বাচন নিয়ে মতভেদ কোনও সমস্যার সৃষ্টি করবে না। টাটার আলোচক বলেন, বিভিন্ন জটিল ইস্যুর ব্যাপারে উভয় পক্ষই পরামর্শক নিয়েগের ব্যাপারে সম্মত হয়েছে।  

জাকির আহমেদ খান বলেন, বিনিয়োগ সুবিধার বিভিন্ন দিক ও ট্যাক্স হলিডে’র ব্যাপারে এখনও তারা কোন চূড়ান্ত আলোচনা করেননি।

তবে তিনি বলেন, এ পর্যন্ত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং বিভিন্ন বিষযে আলোচনায় আরও সময়ের প্রয়োজন।

বিদ্যুৎ, গ্যাস জমি, যোগাযোগ এবং কয়লা বিষয়ক সাব-কমিটির সদস্যরা, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং টাটা বাংলাদেশের প্রধান মানজার হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।