২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি পোশাক খাতে সামাজিক কমপ্লায়ান্স নিশ্চিত করতে শিগগিরই জাতীয় কমিটি হচ্ছে

দেশের তৈরি পোশাক খাতে সামাজিক কমপ্লায়ান্স নিশ্চিত করার বিষয়টি নজরদারি করতে শিগগিরই বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি জাতীয় কমিটি গঠিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বিকেএমইএ’র ঢাকা কার্যালয়ে বুধবার ‘বাংলাদেশ রাউন্ড টেবিল’ শীর্ষক একটি বিশেষ বেঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। জার্মানভিত্তিক দাতা সংস্থা জিটিজেড অ্যান্ড লিফ্ট স্ট্যান্ডার্ড এ বৈঠকের আয়োজন করে।

এ লক্ষ্যে সামাজিক কমপ্লায়ান্স বিষয়ক জাতীয় কমিটি শিগগিরই একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করবে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স (বিকেএমইএ), বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস (বিজিএমইএ), ক্রেতা সংগঠন, দাতাগোষ্ঠী ও শ্রমিকদের প্রতিনিধিদের সমন্বযে এ কমিটি গঠিত হবে।

বিকেএমইএ সভাপতি ফজলুল হক, ঢাকায় ইউরোপিয় কমিশন ডেলিগেশনের ফার্ষ্ট সেক্রেটারি এনি মার্শল, বিজিএমইএ পরিচালক হারুন অর রশিদ, শ্রমিক সংগঠন, দাতাগোষ্ঠী ও বিদেশী ক্রেতাদের প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেন।

ফজলুল হক বিডিনিউজকে বলেন, সামাজিক কমপ্লায়ান্স-এর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় তদারকি করবে এবং একটি ওয়েব সাইটের মাধ্যমে ক্রেতাদের আপডেটেড রাখতে কাজ করবে। 

সামাজিক কমপ্লায়ান্সের আওতায় পণ্যের মান, শ্রমিকের নিরাপত্তা, কর্মঘন্টা, মজুরি, সাপ্তাহিক ছুটিসহ শ্রমিক কল্যাণের বিভিন্ন দিক নিশ্চিত করা হবে।

বৈঠক শেষে বেরিয়ে আসার পথে ফজলুল হক আরও বলেন, কমিটি গঠনের বিষয়ে নীতিগতভাবে আমরা সম্মত হয়েছি। আগামী সপ্তাহের মধ্যে কমিটিতে কে কে থাকছেন তাদের নাম চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, গত এপ্রিলে স্পেক্ট্রাম সুয়েটার ফ্যাক্টরিতে বিপর্যয়ের পর শ্রমিকের সামাজিক কমপ্লায়ান্স নিশ্চিত করার জন্য স্থানীয় তৈরি পোষাক খাত আন্তর্জাতিক ক্রেতাদের ও দাতা গোষ্ঠির অব্যাহত চাপের মুখে পড়ে। এ কমিটি ওই চাপেরই ফল।

গত মাসে ইউরোপীয় ইউনিয়ন ছয় মাসের মধ্যে সামাজিক কমপ্লায়ান্স নিশ্চিত করতে স্থানীয় তৈরি পোশাক প্রস্তুতকারকদের ওপর চাপ দেয়।

সময়সীমা বেধে দেয়া প্রসঙ্গে ফজলুল হক বিডিনিউজকে বলেন, ‘এটা মোটেই ন্যয়সঙ্গত ও বাস্তবসম্মত নয়’।