পাবনা ট্রেজারির ২ কোটি টাকার স্ট্যাম্প বৃষ্টিতে নষ্ট
প্রচণ্ড বৃষ্টি ও কর্মকর্তাদের গাফিলতির কারণে পাবনা জেলা ট্রেজারি অফিসে সংরক্ষিত প্রায় দুই কোটি টাকা মূল্যের রাজস্ব আদায় স্ট্যাম্প নষ্ট হয়ে গেছে। এছাড়া প্রবল বর্ষণে জরাজীর্ণ ভবনটি ধসে গিয়ে মারাত্মক দুর্ঘটনাসহ কয়েক কোটি টাকার স্ট্যাম্প সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, একশ’ ২০ বছরের পুরনো ওই ভবনের ছাদ দিয়ে অবিরাম পানি পড়ছে। বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ভবনের ভিতরে ছাতা মাথায় দিয়ে অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এক তলা ভবনটির দরজা-জানালাও ভাঙা। এ রকম একটি কক্ষে কয়েক কোটি টাকার সরকারি রেভেনিউ স্ট্যাম্প, বিড়ির ব্যান্ডরোল ও জমির দলিল লেখার স্ট্যাম্পগুলো রাখা হয়েছে। এর মধ্যে শুধু রাজস্ব স্ট্যাম্পগুলো পলিথিনে ঢেকে রাখা হয়েছে। এসব স্ট্যাম্পের মধ্যে প্রায় দু কোটি টাকার স্ট্যাম্প বৃষ্টির পানি পড়ে ভিজে গেছে।
পাবনা ট্রেজারি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ইউনুস আলী স্ট্যাম ভিজে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে বলে বিডিনিউজকে জানিয়েছেন।
একটি সূত্র জানায়, ১৫ বছর আগে গণপূর্ত বিভাগ এ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। কোনও বিকল্প না থাকায় জেলা প্রশাসন পুরাতন কালেক্টরেট ভবনেই ট্রেজারি অফিসটি রেখে দেয়। বৃষ্টির কারণে প্রতিবছরই ট্রেজারি অফিসের ক্ষতি হয় বলেও জানা গেছে।
