২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি’র ১,২৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

 ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ২০০৫ -০৬ অর্থবছরে ১ হাজার ২৪৭ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। সোমবার ঢাকার মহানগর নাট্যমঞ্চে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে মেয়র সাদেক হোসেন খোকা এ বাজেট ঘোষণা করেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

এ বাজেট ডিসিসি’র ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। গত বছরের বাজেটের তুলনায় এ বছরের বাজেট ৩২৫ কোটি ৭১ লাখ বেশী। এছাড়া গতবারের তুলানায় এবার সংশোধিত বাজেটর ৩৭৮ কোটি ২৭ লাখ টাকা বেশী প্রস্তাব করা হয়।

গত ২০০৪ -০৫ অর্থবছরে ডিসিসির বাজেট ছিলো ৯২২ কোটি এক লাখ টাকা। পরে এই বাজেট সংশোধিত আকারে ৮৭৯ কোটি ৪৫ লাখ টাকায় দাঁড়ায়।

২০০৫ -০৬ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে হোল্ডিং করসহ ১৪টি খাত থেকে অতিরিক্ত রাজস্ব আদায়ের কথা বলা হয়। এতে মোট ৪৩২ কোটি টাকার রাজস্ব আদায় এবং ২২৫ কোটি টাকার সরকারি অনুদান প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সরকারি, বেসরকারি বিনিয়োগ এবং বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে ৫৫০ কোটি ২২ লাখ টাকা পাওয়ার কথা বলা হয়।

প্রস্তাবিত বাজেটে লক্ষ্য নির্ধারণ করা হয় বিভিন্ন খাত থেকে আরো সাড়ে পাঁচ কোটি টাকা আদায়ের। সরকারি অনুদানের ২২৫ কোটি টাকার মধ্যে এককালীন থোক বরাদ্দ হিসাবে ১০০ কোটি এবং বিশেষ অনুদান হিসাবে ১২৫ কোটি টাকা পাওয়া যাবে বলে এতে বলা হয়।

গত অর্থবছরে এককালীন থোক বরাদ্দ হিসাবে ৫০ কোটি টাকা পাওয়ার লক্ষ্য থাকলেও পাওয়া যায় ৬১ কোটি ৬৫ লাখ টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ১০০ কোটি টাকার জায়গায় পাওয়া যায় মাত্র ৩৬ কোটি ৩৫ লাখ টাকা।

নতুন বাজেটে বিভিন্ন খাত থেকে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৪৩২ কোটি টাকা করা হয়েছে। গত বছর ছিলো এই হার ছিলো প্রায় ৩৯১ কোটি এক লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ায় সংশোধিত বাজেটে কর আদায়ের পরিমান প্রায় ১২০ কোটি টাকা কমিয়ে ২৭১ টাকায় পুননির্ধারণ করা হয়। সংশোধিত বাজেটের তুলনায় নতুন অর্থবছরে প্রায় ১৭০ কোটি ৪০ লাখ টাকা বেশি রাজস্ব আদায়ের লক্ষ্য রাখা হয়েছে।

বাজেটের ৭৮ শতাংশই উন্নয়ন খাতে ব্যয়ের জন্য বরাদ্দ করা হয়। এর পরিমান ৯৭০ কোটি ৯৭ লাখ টাকা।

উন্নয়ন বরাদ্দের মধ্যে কবরস্থান ও শ্মশান উন্নয়ন প্রকল্পে ৭ কোটি ২৫ লাখ ও নাগরিক বিনোদন খাতে ৮ কোটি টাকা দেওয়া হয়েছে।

এছাড়া ভৌত অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ৫৪ কোটি ৮০ লাখ, পরিবেশ উন্নয়নে ৭ কোটি ৬০ লাখ, জাদুঘর উন্নয়নে ২০ লাখ, নীচু জমি উন্নয়নে ৫০ লাখ, বিশেষ উন্নয়ন প্রকল্পে ১০ কোটি, অনিশ্চিত উন্নয়নে ২ কোটি, নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এক কোটি, বৈদ্যুতিক কাজের জন্য ৫০ লাখ, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন খাতে ১২ কোটি এবং সাজ সরঞ্জাম ও সম্পদ ক্রয় খাতে ৩১ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তবে নগরীর জলাবদ্ধতা নিরসন ও ক্ষতিগ্রস্ত সড়ক উন্নয়ন খাতে এ বারের ডিসিসি কোনো বরাদ্দ রাখেনি।

নতুন বাজেটে কর আরোপ করা না হলেও ১৪টি খাত থেকে অতিরিক্ত কর আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর মধ্যে শুধু হোল্ডিং কর নির্ধারণ করা হয়েছে ২১০ কোটি টাকা। গত অর্থবছরের মূল বাজেটে ছিল এই কর ছিলো ২০০ কোটি এবং সংশোধিত বাজেটে ছিল ১৩৫ কোটি টাকা। এবার বাজার সালামী ২৫ কোটি থেকে বাড়িয়ে ৩৭ কোটি এবং বাজার ও নগর ভবন ভাড়া ২৩ কোটি থেকে ২৫ কোটি টাকায় উন্নীত হয়েছে।

এছাড়া ট্রেড লাইসেন্স ৩০ কোটি থেকে ৩৫ কোটি, গরুরহাট (কোরবানির হাটসহ) ১১ কোটি থেকে ১৩ কোটি, কমিউনিটি সেন্টার ভাড়া দেড় কোটি থেকে দুই কোটি, সম্পত্তি হস্তান্তর কর ২৮ কোটি থেকে ৩৫ কোটি, বিদ্যুৎ বিল চার কোটি থেকে ছয় কোটি, পুরনো অকেজো মালামাল বিক্রয়ে ৩০ লাখ থেকে ৭৫ লাখ, রাস্তা খনন ফিস ২০ কোটি থেকে ৩০ কোটি এবং যন্ত্রপাতি ভাড়া খাতে পাঁচ কোটি থেকে সাড়ে ছয় কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

এবার কর আদায়ের লক্ষ্যমাত্রা কমেছে। বিজ্ঞাপন বাবদ ১০ কোটি, রিক্সা লাইসেন্স ফি বাবদ ছয় কোটি থেকে পৌনে দুই কোটি, প্রমোদ কর (সিনেমা) খাতে ৬০ লাখ থেকে ৫৫ লাখ এবং জন্ম-মৃত্যু ও বিয়ে খাতে ৬ লাখ থেকে ৫ লাখ কর আদায় করা হবে বলে বলা হচ্ছে।

গত অর্থবছরে বিজ্ঞাপন খাত থেকে ২০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে মাত্র ১০ লাখ টাকা। মেয়রের প্রতিশ্রুত তিনটি নতুন রাস্তা নির্মাণ ও চারটি কবরস্থান নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় এই পরিকল্পনা এবারো চলতি বাজেট স্থান পেয়েছে।

বাজেট ঘোষণা করে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বলেন, ঢাকা মহানগরীকে মানুষের বাসযোগ্য ও সুন্দর করে গড়ে তুলতে ডিসিসির জনবল বৃদ্ধি করা দরকার। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে এর জনবল বাড়ানো সম্ভব হচ্ছে না। সরকারের সহায়তায় ডিসিসিকে আরো অর্থবহ সংগঠনে পরিণত করার জন্যই প্রয়োজন লোকবল বাড়ানো ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ওয়াসার। কিন্তু নগরবাসী এ ব্যাপারে ডিসিসির সম্পৃক্ততা প্রত্যাশা করে।

মেয়র বলেন, ডিসিসি বা ওয়াসার বর্তমান অবকাঠামো দিয়ে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয়। এজন্য সরকারি মহাপরিকল্পনা দরকার। আগামী ৫০ বছরের কথা মাথায় শিগগিরই এটি করা দরকার।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করতে একটি মেট্রোপলিটন সমন্বিত ব্যবস্থা নিতে হবে। এ জন্য সকল সিটি করপোরেশনের মেয়রের সাথে আলোচনা চলছে। শিগগিরই অভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে একটি সমন্বিত প্রস্তাবনা চুড়ান্ত করা হবে বলে আমরা আশা করছি।

বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিসিসির অর্থ ও সংস্থাপন উপকমিটির চেয়ারম্যান এবং ওয়ার্ড কমিশনার কাজী আবুল বাশার, প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ, সচিব আলমগীর হোসেন খান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুন্নবীসহ বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা উপস্থিত ছিলেন।