২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম মান নিশ্চিত করতে ইটিআইয়ের অনুরোধ

ইন্টারন্যাশনাল টেক্সটাইলস গার্মেন্টস এন্ড লেদার ওয়ার্কার্স ফেডারেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিশ্বসেরা ব্র্যান্ড এবং খুচরা প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশের তৈরি পোষাক আমদানির নিশ্চয়তা চেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 04:27 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ইন্টারন্যাশনাল টেক্সটাইল গার্মেন্টস এন্ড লেদার ওয়ার্কার্স ফেডারেশনের বোর্ড ডিরেক্টর এবং জেনারেল সেক্রেটারি নেইল কিয়ারনী বলেন, বিশ্ব সেরা ব্র্যান্ড এবং খুচরা সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশের উৎপাদনকারী প্রতিষ্ঠানকে গ্রহণযোগ্য মূল্য পরিশোধ করতে হবে এবং তা সরবরাহের ব্যাপারে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া দরকার।

ঢাকায় ইউএনডিপি-এমএফএ ফোরাম আয়োজিত ‘টেক্সটাইল এন্ড গার্মেন্টস : ফোরাম অন দ্য ফিউচার’ শীর্ষক দুদিনব্যাপী  সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর কিয়ারনী এ মন্তব্য করলেন।

গত ২৭ ও ২৮ জুন অনুষ্ঠিত সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল মিলগুলোতে আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক আইনের আলোকে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

সরকার সম্মেলনে প্রতিশ্রুতি দিয়েছেন যে, গার্মেন্টস ও টেক্সটাইল কারখানার মান উন্নত করতে একটি জাতীয় ফোরাম গঠন করা হবে। এর মধ্যে শুধু সরকার ও গার্মেন্টস কর্তৃপক্ষরাই থাকবে না, বিভিন্ন ট্রেড ইউনিয়ন, বেসরকারি সংস্থা, বিশ্বসেরা ব্র্যান্ড ও খুচরা প্রতিষ্ঠানগুলোকেও জাতীয় ফোরামের আওতায় আনা হবে। এছাড়া জাতীয় ফোরামে বিশ্বব্যাংক ও ইউএনডিপি প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে।

সম্মেলনে ইথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভের চেয়ারম্যান এলান বরার্টস বলেন, এক্ষেত্রে জাতীয় ফোরাম গঠনের সময়সীমা উল্লেখ করা প্রয়োজন। তিনি আরও বলেন, “বিশ্বসেরা  এবং খুচরা প্রতিষ্ঠানগুলো এখন তাদের পণ্যের জন্য ভারত ও চীনের দিকে ঝুঁকে পড়ছে। ফলে বাংলাদেশের ১০ লাখেরও বেশি শ্রমিক এখন চাকরি হারানোর ভয়ে আতংকগ্রস্ত।”

ইটিআইয়ের আরেক সদস্য জুলিয়া ডবসন বলেন, বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি উৎসাহব্যঞ্জক। আমি মনে করি সরকারের যথাযথ পদক্ষেপের ফলে ভবিষ্যতে পোশাক শিল্প সামনের দিকে আরো এগিয়ে যাবে।

ইটিআই সদস্য গ্যাপ,কোপ ইউকে,মার্কস এন্ড স্পেন্সার, লেভী স্ট্রাস, জর্জ এস ওয়েল এস ইনডিটেক্স, কারস্টাদ কুয়েলি এজি, এইচ এন্ড এম নাইক এবং লিটলউডস বাংলাদেশের এমএফএ ফেরামের সাথে কাজ করতে সম্মত হয়েছেন। বাংলাদেশ বিদেশে ৬৮ ভাগ পোশাক রফতানি করে থাকে।