তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশসহ ১৪টি স্বল্পোন্নত দেশকে বিশেষ বাণিজ্যসুবিধা দিতে জাতিসংঘের দুটি সংগঠনের আহবান
উন্নত বিশ্বে পোশাক শিল্প রপ্তানিতে আফ্রিকা এবং ক্যারিবিয়ান দেশগুলো যে বিশেষ বানিজ্য সুবিধা ভোগ করছে দারিদ্র বিমোচনে সেই একই সুবিধা বাংলাদেশসহ এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের ১৪ টি স্বল্পোন্নত দেশকে প্রদানের জন্য জাতিসংঘের দুটি সংগঠন আহবান জানিয়েছে।
ইউএনডিপি এবং এসকেপ শুক্রবার প্রকাশিত এক রিপোর্টে বলেছে, কোটা সুবিধা উঠে যাওয়ার পর বাংলাদেশ, কম্বোডিয়া এবং নেপালসহ বেশ কিছু দেশের তৈরি পোষাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে। ফলে এ খাতে এসব দেশের উৎপাদন এবং চাকরির বাজার অনেকাংশ কমে যাবে যা দেশগুলোর দারিদ্র বাড়িয়ে দেবে। কারণ তৈরি পোশাকই এ দেশগুলোর প্রধান রপ্তানি পণ্য।
রিপোর্টে বলা হয়, এর ফলে সবচয়ে ক্ষতিগ্রস্ত হবে এ অঞ্চলের নারী গার্মেন্টস শ্রমিকরা। কারণ গার্মেন্টস শিল্পের শ্রমিকদের একটা বড় অংশই নারী।
রিপোর্টে বলা হয়, ৩১ ডিসেম্বর ২০০৪ পোষাক শিল্প থেকে এমএফএ সুবিধা উঠে যাওয়ার পর পোশাক শিল্পে বাংলাদেশের রপ্তানি প্রায় ৬ ভাগ কমে গেছে।
জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি) এবং জাতিসংঘের এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক সংগঠন (ইউএনইএসসিএপি’র) কর্তৃক যৌথভাবে ‘ভয়েসেস অফ দা ল্যিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিস অফ এশিয়া এন্ড দ্য প্যাসিফিক: অ্যাচিভিং মিলেনিয়াম ডেভোলেপমেন্ট গোলস থ্রু এ গ্লোবাল পার্টনারশীপ’ নামে এ রিপোর্টটি শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রকাশিত হয়।
আগামী সপ্তাহে স্কটল্যান্ডে শিল্পোন্নত জি-৮ দেশসমুহের বিশ্বব্যাপী ঋণ মওকুফ এবং সহায়তা প্রদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ এক বৈঠকের আগে এ রিপোর্টটি প্রকাশ করা হলো।
রিপোর্টে শিল্পোন্নত দেশসমূহের অর্থমন্ত্রীদের গত জুনে ঘোষিত ৪০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ মওকুফের সিদ্ধান্তের প্রশংসা করা হয়, যদিও এশিয়া বা প্যাসিফিক অঞ্চলের কোন দেশ এই সুবিধা পায়নি।
রিপোর্টে বলা হয়, পোষাক শিল্পে কোনরকম বাঁধা বাংলাদেশ, নেপাল এবং কম্বোডিয়ায় দারিদ্র বিমোচন, শিক্ষা এবং স্বাস্থ্যে খাতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। যা জাতিসংঘের সহস্রাবাব্দ লক্ষ্যে পৌছাতে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
পোশাক রপ্তানি থেকে বাংলাদেশ, নেপাল এবং কম্বোডিয়ার বৈদেশিক আয় যথাক্রমে ৮৮, ৫৫ এবং ৫২ শতাংশ।
বিডিনিউজে প্রাপ্ত এ রিপোর্টের কপিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা থেকে টেক্সটাইল এবং তৈরি পোশাক খাতকে বাদ দেয়ার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ।
রিপোর্টে বলা হয়, অন্যান্য দেশের তুলনায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্বল্পোন্নত (এলডিসি) দেশগুলো পোষাক শিল্পের বাজারে অনেক কম সুবিধা ভোগ করে। এছাড়াও যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে এসব দেশকে অতিরিক্ত শুল্ক প্রদান করতে হয় বলেও রিপোর্টে উল্লেখ করা হয়।
রিপোর্টে বলা হয়, বাংলাদেশ, নেপাল এবং কম্বোডিয়ার তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করার জন্য প্রায় ৫ শ’ ২০ মিলিয়ন আমদানি শুল্ক প্রদান করতে হয়, যা দ্বিপক্ষীয় সাহায্যের তুলনায় প্রায় ৩ গুণ বেশি । বাংলাদেশ, নেপাল এবং কম্বোডিয়ার তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রায় ৫২০ মিলিয়ন আমদানি শুল্ক প্রদান করতে হয়; যেখানে এ দেশসমূহকে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার দ্বিপক্ষীয় সাহায্য দেয়া হয় ।
এ দেশগুলোর বৈদেশিক সাহায্য নির্ভরতা কমানো এবং ঋণ থেকে মুক্তির অন্যতম উপায় বৈদেশিক বানিজ্য। বৈদেশিক এ বাণিজ্যের মাধ্যমেই দেশগুলোর অর্থনীতি একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারে একই সাথে দেশগুলো স্বাবলম্বীও হতে পারে।
রিপোর্টে আরো বলা হয়, পোশাক শিল্প প্রসারে বাণিজ্যিক বাধাগুলো দুর এবং জাতীয় উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ দেশগুলোর দারিদ্র বিমোচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পারে।
এ ধরনের ইতিবাচক উদ্যোগ এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের ১৪ টি স্বল্পোন্নত দেশের অর্থনৈতিক উন্নয়ন, মাথাপিছু আয় এবং প্রবৃদ্ধি বৃদ্ধিসহ সার্বিক দারিদ্র বিমোচনে যথাযথ ভূমিকা রাখতে পারে, যা ২০১৫ সালের মধ্যে দেশগুলোর জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌছাতে সহায়তা করবে।
