তিনদিনের বর্ষণ : বাজার দর অস্থিতিশীল, বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য
তিনদিনের হাল্কা বর্ষণের প্রভাবে অস্থিতিশীল হয়ে পড়েছে ঢাকার বাজার দর। বাজারে গত সপ্তাহে বেড়ে যাওয়া বাজার দরের প্রভাব এ সপ্তাহেও রয়েছে। এ সপ্তাহে নতুন করে বেড়েছে ডিম, মাছ, চাল, ডাল, পেঁয়াজ, মরিচ ও কাঁচা তরিতরকারিসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল পণ্যের দাম।
বাজার দরের এ উর্ধ্বগতি নগর জীবনকে দু:সহ করে তুলেছে। সাধারণ ক্রেতারা বাজারে গিয়ে চাহিদা মতো কেনাকাটা করতে রীতিমতো হিমশিম খাচ্ছে।
তবে বিক্রেতারা বলছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ঘাটতি ও চড়া মূল্যের কারণে তারা দাম বাড়াতে বাধ্য হচ্ছে। তিনদিনের হাল্কা বর্ষণের কারণে ঢাকার বাজারে এসব পণ্যের সরবরাহ অনেকটা কমে গেছে । চড়া মূল্যের সাথে সাথে নিজের মুনাফাও রাখতে হচ্ছে তাদের।
শুক্রবার রাজধানীর কয়েকজন চাল বিক্রেতা জানান, বাজারে গত সপ্তাহের তুলনায় চালের দাম বেড়েছে মণপ্রতি আরও ২০ টাকা। ফলে মাত্র দু’সপ্তাহের ব্যবধানেই ঢাকার বাজারে প্রতি মণ চালের দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। খুচরা বাজারে চালের দাম এক টাকা থেকে এক টাকা ৫০ পয়সা বেড়ে গেছে।
মওসুমের কারণে সরবরাহ পর্যাপ্ত থাকলেও ইলিশের দাম কমছে না। ইলিশের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে রুই, কাতলা, পাঙ্গাস, কালিবাউস, চিংড়ি ও মাগুরসহ অন্যান্য মাছও। বাজারে ছোট রুই ১০০ থেকে ১৪০, বড় রুই ২০০ থেকে ২৪০ টাকা, কাতলা ৮৫ থেকে ১২০, পাঙ্গাস ১৩০, কালিবাউস ১৪০ থেকে ১৫০, চিংড়ি ১২০ থেকে ২৫০, গলদা চিংড়ি ৬৫০, শিং ৩৫০, মাগুর ৩০০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বর্ষা মওসুম শুরু হলেও বাজারে ছোট মাছের আমদানি শুরু হয়নি এখনও। ফলে পাইকারি ও খুচরা বিক্রেতারা বেশ চড়া দামেই বিক্রি করছে ছোট মাছ। ছোট মাছের কেজি ১০০ থেকে ১৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
এ সপ্তাহে ডিমের দাম প্রতি হালিতে তিন থেকে চার টাকা বেড়েছে। গত সপ্তাহের ১৪ টাকার ডিম এ সপ্তাহে ১৭ থেকে ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গরুর মাংসের দাম কেজিপ্রতি ১১০ থেকে ১২০ এবং খাসির মাংস ২২০ টাকায়, সাদা ব্রয়লার মুরগি ৭৮ থেকে ৮০, লাল ব্রয়লার মুরগি ৯০ টাকা ও দেশী মুরগি ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে।
কাঁচা তরিতরকারির মধ্যে বেগুন, টমেটো, ঢেঁড়স, পটল, গাঁজর, শসা, ও শাক-সব্জির দাম বেড়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকলেও ইলিশের দাম নিু আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে। প্রতি কেজি ছোট ইলিশ ১০০ টাকা এবং মাঝারি ইলিশ ১৬০ থেকে ১৮০ টাকা করে বিক্রি হচ্ছে।
আলু নয় টাকা, গাঁজর ২৪, টমেটো ৩০, বেগুন ২০, পটল, ক্ষীরা, শসা, ছোট কচু, ঢেঁড়স ও করলা ১৬ এবং উস্তে, সিম, কচুর লতি, ঝিঙা ও চিচিঙ্গা ও বরবটি ১৪ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি কাঁচা কলা ১০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজের দাম কেজিপ্রতি চার টাকা বেড়ে ১৮, রসুন ৩০ থেকে ৩২, পুরনো ও শুকনো রসুন ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন বাজারে সয়াবিন তেল ৫৪ টাকা, চিনি ৩৮ এবং ডাল ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।
