২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংসদে বাজেট পাস

জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০০৫-০৬ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়েছে। এর মধ্য দিয়ে জাতীয় সংসদ সরকারকে ২০০৫ সালের ১ জুলাই থেকে ২০০৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের যাবতীয় কার্যনির্বাহ করতে সংযুক্ত তহবিল থেকে ৮১ হাজার ৪২৭ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় বরাদ্দের অনুমোদন দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

যার মধ্যে চলতি অর্থবছরের জন্যে মূল বাজেট হচ্ছে ৬৪ হাজার ৩৮৩ কোটি টাকা।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ব্যয় বরাদ্দ সম্বলিত এই ‘নির্দিষ্টকরণ আইন ২০০৫’ সংসদে উত্থাপন করেন। এর বিভিন্ন দাবির ওপর ছাটাই প্রস্তাব নিয়ে আলোচনা শেষে জাতীয় সংসদে তা কণ্ঠভোটে পাশ হয়।

প্রস্তাবিত বাজেটকে ‘ভাওতাবাজি ও গরীব মারার বাজেট’ হিসেবে উল্লেখ করে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ বাজেট অধিবেশন বর্জন করে।

২০০৫-০৬ অর্থ বছরের বাজেটে ব্যয়ের দিক থেকে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে অর্থ বিভাগকে। এর পরিমান ২২ হাজার ৫৪৫ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা। সবচেয়ে কম বরাদ্দ দেওয়া হয়েছে রাষ্ট্রপতির কার্যালয়কে, এর পরিমান তিন কোটি ৬৯ লাখ ৫৫ হাজার টাকা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য ৪০২ কোটি ১৮ লাখ ৫৭ হাজার টাকা, নির্বাচন কমিশন সচিবালয়কে ২৮ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার টাকা, প্রতিরক্ষা মন্ত্রণায়কে পাঁচ হাজার ৭৫ কোটি ৮৮ লাখ পাঁচ হাজার টাকা, শিক্ষা মন্ত্রণালয়কে পাঁচ হাজার ৬৫৯ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার টাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তিন হাজার এক কোটি তিন লাখ ৭৪ হাজার টাকা, স্থানীয় সরকার বিভাগকে ৪৩০ কোটি ১৬ লাখ ৭৫ হাজার টাকা, যোগাযোগ মন্ত্রণালয়কে চার হাজার ৯৩৯ লাখ ৪৪ হাজার টাকা, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগকে এক হাজার ২১ কোটি ৪৫ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।

সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর ৪৭ টি দাবি ও ৪৯৭ টি ছাটাই প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে আটটি দাবির পক্ষে আনা ছাটাই প্রস্তাব নিয়ে আলোচানা হয়।

আলোচনায় অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কদের সিদ্দিকী, জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা, গোলাম হাবিব দুলাল, হাফিজ উদ্দিন আহমেদ, ম্বতন্ত্র সদস্য এমএম শাহীন প্রমুখ।

সংসদ সদস্যদের বক্তব্যের প্রেক্ষিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে ব্যাংকের আমানত শহরে নিয়ে আসা হয়। সেখানে ঋণ চেয়ে অনেকে পায় না। কিন্তু ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, কেউ ঋণ চাচ্ছে না। আবার এলাকায় আমরা গেলে অনেকে অভিযোগ করে, ঋণ পাচ্ছি না। মুক্ত বাজার অর্থনীতিতে সরকার ব্যাংককে ঋণ দেওয়ার ব্যাপারে পরামর্শ দিতে পারে, কিন্তু হস্তক্ষেপ করতে পারে না।

তিনি বলেন, উন্নয়ন কাঠামোর সংগে সমন্বয় করে প্রশাসনিক পরিবর্তন আনা হবে। প্রশাসনিক সংস্কার ছাড়া উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব নয়। জুলাই মাসের ৭/৮ তারিখে কয়েকটি মন্ত্রণালয়কে নিয়ে আমরা বসবো। সেখানে প্রশাসনিক সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

প্রকল্প অর্থায়ন না হওয়া প্রসঙ্গে সাইফুর রহমান বলেন, সরকারের আর্থিক কার্যক্রম কিভাবে পরিচালিত হয় এটি যদি সংসদ সদস্যরা না জানেন তাহলে সেটা খুবই দুঃখজনক। কোন মন্ত্রী যদি বলেন টাকা পান না তাহলে বুঝতে হয় ওই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অদক্ষতা রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে বছর শেষে হাজার হাজার কোটি টাকা ফেরত আসছে।

তিনি বলেন, অর্থ, আইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে সেবা প্রদানকারী সংস্থা। এরা তেমন টাকা পয়সা খরচ করে না। অন্য মন্ত্রণালয়গুলো টাকা খরচ করে থাকে।