২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সংকটের কারণে দিনে ৮ কোটি টাকার শিল্প উৎপাদন ব্যাহত

বিদ্যুৎ সংকটের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় সহস্রাধিক কারখানায় প্রতিদিন গড়ে আট কোটি টাকার শিল্প উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। খুলনা চেম্বার অব কমার্স সূত্রে এ তথ্য জানা গেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, খুলনা ও বরিশাল বিভাগের ১৬ জেলা ও ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা নিয়ে গঠিত খুলনা জোন। বাণিজ্যিক ও সাধারণ মিলে এ জোনের গ্রাহক সংখ্যা প্রায় তিন কোটি, যাদের প্রতিদিন বিদ্যুৎ প্রয়োজন প্রায় ৫০০ মেগাওয়াট। কিন্তু সরবরাহ করা হচ্ছে মাত্র ২০০ থেকে ২৫০ মেগাওয়াট।

সূত্র জানায়, খুলনা ও বরিশাল বিভাগের সবগুলো বিদ্যুৎ উৎপাদন ইউনিটের লক্ষ্যমাত্রা ৫৬০ মেগাওয়াট। কিন্তু যান্ত্রিক ত্রুটি, জ্বালানি সংকট ও নদীর নাব্যতা হ্রাসের কারণে ইউনিটগুলোর বেশিরভাগ এখন বিকল।

জানা গেছে, খুলনার চারটি বিদ্যুৎ উৎপাদন ইউনিটের মধ্যে বন্ধ রয়েছে দুটি। চালু দ’টি ইউনিটের প্রতিটির ৫৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে বলে দাবি করা হলেও আসলে একটিতে ১৮ ও অপরটিতে ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। কুষ্টিয়ার ভেড়ামারার ৬০ মেগাওয়াটের তিনটি গ্যাস টার্বাইনের বিদ্যুৎ উৎপাদন কেন্দের তিন নম্বর ইউনিট বন্ধ রয়েছে। অপর দু’টি ইউনিটে ৪০ মেগাওয়াটের স্থলে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বেসরকারি কেবিসিএল-এ ১১০ মেগাওয়াটের বিপরীতে উৎপাদিত হচ্ছে মাত্র ৭৫ থেকে ৮০ মেগাওয়াট।

প্রকৌশলীদের অভিযোগ, বিদেশ থেকে যন্ত্রপাতি বা মেশিনপত্র আমদানির সময় তাদের মতামতের গুরুত্ব দেয়া হয় না। একারণে স্বল্প সময়ের মধ্যেই ইউনিটগুলো উৎপাদন ক্ষমতা হারায়।

খুলনা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান প্রকৌশলী সামসুল হক জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন হ্রাস ও ইস্ট-ওয়েস্ট ইন্টারকানেক্টর থেকে ন্যাশনাল গ্রিডে তুলনামূলক কম বিদ্যুৎ সরবরাহের কারণে গ্রাহকদের চাহিদামাফিক বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না।

বিদ্যুৎ বিভ্রাটজনিত কারণে খুলনা শিপইয়ার্ড, কেবল ফ্যাক্টরী, ঢাকা ম্যাচ, ২৮টি হিমায়িত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান, পাঁচশ’ বরফকল, দু’হাজারেও বেশি রাইস মিল, স’মিল, ১৫টি পাট কল, সহস্রাধিক ছাপাখানাসহ তিন সহস্রাধিক ওয়েল্ডিং কারখানায় প্রতিদিন গড়ে ৮ কোটি টাকার শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। সাধারণ গ্রাহকরা প্রচণ্ড খরতাপের মধ্যে বিদ্যুৎ সংকটে দুর্বিসহ জীবন কাটাচ্ছে।