২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববাণিজ্য সংস্থার বৈঠকে শ্রমের অবাধ যাতায়াতের ওপর গুরুত্বারোপ

জাম্বিয়ার লিভিংস্টোনে বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের স্বল্পপরিসর বৈঠকের লিভিংস্টোন ঘোষণায় বাংলাদেশের জোরালো প্রস্তাব অস্থায়ী ভিত্তিতে শ্রমের অবাধ যাতায়াতের বিষয়টি গুরুত্বসহ স্থান পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 09:29 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

তথ্য বিবরণীতে জানা যায়, বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বৈঠকে বাংলাদেশের তিন সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। স্বল্পপরিসর এ বৈঠক ২৫ থেকে ২৭ জুন অনুষ্ঠিত হয়।

এ বছরের ১৩-১৮ ডিসেম্বর হংকংয়ে অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের ৬ষ্ঠ সম্মেলনের প্রস্তুতি হিসেবে লিভিংস্টোনে ৪র্থ এ বৈঠক অনুষ্ঠিত হয়।

লিভিংস্টোন ঘোষণায় কৃষি পণ্যের রপ্তানি ভর্তুকি প্রত্যাহার করা হলে স্বল্পোন্নত দেশসমূহের জন্য ক্ষতিপূরণ ও সাময়িক ব্যবস্থা নেওয়া, পণ্যের বহুমুখীকরণের জন্য অধিকতর আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান, স্বল্পোন্নত দেশের পণ্যের বিপরীতে নিরাপত্তামূলক ব্যবস্থা ও অ্যান্টি ডাম্পিং কার্যক্রম গ্রহণ না করার দাবির কথা উল্লেখ রয়েছে।

এ বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণের উদ্দেশ্য হচ্ছে, স্বল্পোন্নত দেশের বাণিজ্য স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে একটি অভিন্ন অবস্থান নির্ধারণ করা। এছাড়া বৈঠকে উন্নত ও উন্নয়নশীল দেশসমূহে স্বল্পোন্নত দেশের রপ্তানি পণ্যের জন্য কোটা ও শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতির দাবি জানায় বাংলাদেশ। স্বল্পোন্নত দেশের দরিদ্র চাষিদের স্বল্পসুদে ঋণ ও সেচের জন্য হ্রাসকৃত হারে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বহাল থাকবে বলে বৈঠকে ঐকমত্য পোষণ করা হয়।

বাণিজ্য মন্ত্রী বৈঠকে শেষে দুবাই হয়ে ১ জুলাই দেশে ফিরবেন।