দেশে কোনও পঞ্চ-বার্ষিক পরিকল্পনারই পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি: সংসদে অর্থমন্ত্রী
স্বাধীনতা পরবর্তী ৩৪ বছরে দেশের পাঁচটি পঞ্চ-বার্ষিক এবং একটি দ্বি-বার্ষিক পরিকল্পনার কোনটিরই পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। তবে ১৯৯০ থেকে ১৯৯৫ মেয়াদের জন্যে প্রণীত পঞ্চবার্ষিক পরিকল্পনার সর্বোচ্চ ৯৬ দশমিক ৫৩ শতাংশ বাস্তবায়িত হয়েছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপি’র মেজর (অব.) মনজুর কাদেরের প্রশ্নের জবাবে এ কথা জানান।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আরও জানান, প্রথম পঞ্চ বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয় ১৯৭৩ সালে। মোট চার হাজার ৪ শ’ ৫৫ কোটি টাকার এ পরিকল্পনার মাত্র ৪৬ দশমিক ৫৫ শতাংশ বাস্তবায়িত হয়েছিল। ১৯৭৮ সালে প্রণীত তিন হাজার ৮শ’ ৬৮ কোটি টাকার দ্বি বার্ষিক পরিকল্পনার ৮৭ শতাংশ বাস্তবায়িত হয়েছিল।
দ্বিতীয় পঞ্চ বার্ষিক পরিকল্পনা গৃহীত হয় ১৯৮০ সালে। ১৭ হাজার ২শ’ কোটি টাকার এ পরিকল্পনার ৮৮ দশমিক ৯৪ শতাংশ বাস্তবায়িত হয়। ১৯৮৫ সাল থেকে ১৯৯০ সাল মেয়াদে গৃহীত ৩৮ হাজার ৬শ’ কোটি টাকার পঞ্চ-বার্ষিক পরিকল্পনার ৬৯ দশমিক ৯৮ শতাংশের বাস্তবায়ন হয়।
৬২ হাজার কোটি টাকার চতুর্থ পঞ্চ-বার্ষিক পরিকল্পনার ৯৬ দশমিক ৫৩ শতাংশ বাস্তবায়িত হয়েছে। ১৯৯৭ সাল থেকে ২০০২ সাল মেয়াদের পঞ্চ বার্ষিক পরিকল্পনার ৭০ দশমিক ১০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। সর্বশেষ মেয়াদে দেশে প্রায় সাত শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।
বিএনপি’র সোহরাবউদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, পঞ্চম পঞ্চ-বার্ষিক পরিকল্পনার আওতায় দেশে মোট এক হাজার ১ শ’ ৩৭ টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ১ শ’ ৫৭ টি প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। বাকী ৯ শ’ ৮০ টি প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে।
ডা. রুস্তম আলী ফরাজির এক প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, দারিদ্র বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) প্রতি এক বছর পর পর পর্যালোচনা করা হবে।
