২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাফটা বাস্তবায়নে ভারতকেই কার্যকর ভূমিকা রাখতে হবে’

দক্ষিন এশিয়া মুক্ত বাণিজ্য এলাকা (সাফটা)-র ওপর অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তারা এর সফল বাস্তবায়নে ভারতের কার্যকর ভূমিকার প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেছেন। আগামী বছরের জানুয়ারিতে এই চুক্তি বাস্তবায়ন শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

ফ্রিডরিক নউম্যান স্ট্রিফটাং(এফএনএসটি) এর সহযোগিতায় সার্ক চেম্বার অব কমার্স এন্ডইন্ডাস্ট্রি এবং এফবিসিসিআই ‘সাফটা: এজেন্ডা ফর ট্রেড লিবারালাইজেশন’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, সাফটা বাস্তবায়ন করতে ভারতকে উদার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে, যাতে সার্কভুক্ত অন্যান্য দেশের পন্য ভারতের বাজারে প্রবেশাধিকার পায়।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, এফবিসিসিআই সভাপতি আব্দুল আউয়াল মিন্টু।

সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ব্যাবসায়ী নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞরা যোগ দেন।

আয়োজকরা জানান, সার্কের প্রতিটি সদস্য রাষ্ট্রের বাণিজ্যিক সংগঠন সাফটা ইস্যু নিয়ে একই ধরনের আলোচনার আয়োজন করবে।

এফবিসিসিআই সভাপতি বলেন, এই এজেন্ডার সিদ্ধান্ত সদস্য রাষ্ট্রগুলোর সরকারের কাছে পাঠানো হবে । সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে সার্ক সদর দপ্তরেও পাঠানো হবে।

সাফটা বাস্তবায়নে ধীর গতির ব্যাপারে মওদুদ বলেন, ভারতীয় পন্যের ক্ষেত্রে বাংলাদেশের বাজার হল তৃতীয় বৃহত্তম বাজার। কিন্ত বিভিন্ন বাধার কারণে বাংলাদেশসহ সার্কভুক্ত অন্যান্য দেশের পন্য ভারতের বাজারে প্রবেশ করতে পারছে না।

তিনি আরও বলেন, সাফটা বাস্তবায়নে ভারতকে কার্যকর মূল ভূমিকা পালন করতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকতউল্লাহ বুলু বলেন, সাফটার কার্যকর ও সফল বাস্তবায়নে প্রয়োজন রুলস অব অরিজিন, মূল্য সংযোজন প্রক্রিয়া, রাজস্ব ক্ষতিপূরণ পদ্ধতি এবং কারিগরি সহযোগিতার বিষয়াদির সুরাহা ।

এই চুক্তির বেশ কিছু দুর্বল দিকের কথা উল্লেখ করে আব্দুল আউয়াল মিন্টু বলেন, এই চুক্তির মধ্যে কোনও ডেডলাইন নেই।

সম্মেলনের ওয়ার্কিং সেশনে সরাসরি বিদেশি বাণিজ্যকে উৎসাহিত করতে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা ও সাফটাকে সফল করতে বিরোধ মীমাংসার জন্য কমিটি ও আরবিট্রেশন কাউন্সিল গঠনের ব্যাপারে সুপারিশ করা হয়।

এছাড়া বেসরকারি খাতকে উৎসাহিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সাফটা চুক্তির ট্রেড লিবারাইজেশন প্রোগ্রামের আওতায় তিনটি পৃথক তালিকা করা হয়েছে। এগুলো হল নেগেটিভ প্রডাক্ট তালিকা, তাৎক্ষণিক ট্যারিফ হ্রাস (০-৫%) তালিকা এবং রেসিডুয়াল তালিকা।

কর্মকর্তা সূত্রে জানা যায়, বেশিরভাগ সদস্য রাষ্ট্রই তাদের নেগেটিভ তালিকা চূড়ান্ত করেছে। বাংলাদেশ ১৩২৬টি পন্যের নেগেটিভ তালিকা চূড়ান্ত করেছে।

মূল্য সংযোজনের ক্ষেত্রে ভারত ৫০ শতাংশ, পাকিস্তান ৪০ শতাংশ, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ৩৫ শতাংশ প্রস্তাব করেছে। যদিও বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সল্পোন্নত দেশ ক্রাইটেরিয়ায় ১০ শতাংশ ট্যারিফ ডিরোগেশন সুবিধা চাইছে।