এসএমই’র ওয়েব সাইট চালু
দেশের ছোট ও মাঝারি মানের উদ্যোক্তারা অর্থায়নের সুযোগ ও বাজারের প্রবেশের ব্যাপারে যে তথ্য সংকটে ভুগছে তা কাটিয়ে উঠতে এসএমই’র সম্প্রসারণ ঘটাতে রোববার একটি ওয়েব সাইট চালু করা হয়েছে।
এসএমই ডেভেলোপমেন্ট ফোরাম (এসডিএফ) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে এ ওয়েবসাইটটি চালু করা হয়।
তথ্য প্রযুক্তি নির্ভর এ জাতীয় এসএমই তথ্য সেল বাংলাদেশে প্রথম প্রবর্তিত হল।
এফবিসিসিআই এর সম্মেলন কক্ষে আয়োজিত ওয়েব সাইট উদ্বোধনি অনুষ্ঠানে এসএমই উদ্যোাক্তা, এফবিসিসিআই পরিচালক এবং দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এফবিসিসিআই’র সহ সভাপতি আবুল কাশেম হায়দার আনুষ্ঠানিক ভাবে ওয়েব সাইটটি চালু করেন।
অনুষ্ঠানে ব্যাসিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন, এফবিসিসিআই’র এসএমই স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল কাশেম আহমেদ এসডিএফ এর চেয়ারম্যান ইমরান শরিফ এবং এসডিএফ এর আহবায়ক ড. জাকারিয়া লিঙ্কন উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটে থাকছে কিভাবে এসএমই চালু করা যায়, রুরাল এসএমই সেন্টার সম্পর্কিত তথ্য, অর্থায়নের প্রবেশসহ বিভিন্ন এসএমই সম্পর্কিত তথ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশে ব্যাংক ঋণের ওপর অধিক হারে সুদ এসএমই’র প্রসার ব্যহত করছে।
জাপান, চীন, ভারত, পাকিস্তান এবং শ্রিলংকায় এসএমইর জন্য ব্যাংকে সুদের হার এক ডিজিটের মধ্যে। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে সুদের হার দুই ডিজিটে।
বক্তারা বলেন, এসএমই’র সমৃদ্ধি জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দু যা জাতীয় জিডিপির শতকরা ২০ ভাগ অবদান রাখে। যখন এসএমইর সমৃদ্ধি থাকেনা তখন শিল্পখাতের উন্নয়ন অনিশ্চিত হয়ে পড়ে।
কর্মকর্তারা জানান, এসএমই তে তথ্য প্রযুক্তির সহায়ক সহযোগিতা থাকা উচিত। প্রয়োজনের কথা চিন্তা করে এফবিসিসিআই এই খাতে তথ্য প্রযুক্তি নির্ভর সহায়ক প্রোগ্রাম চালু করেছে।
