২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরে সিস্টেম লস ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত

পেট্রোবাংলার নথিতে সাত শতাংশ দাবি করা হলেও বর্তমানে তিতাসের সিস্টেম লস ১৮ থেকে ২০ শতাংশ। শনিবার জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথে পেট্রোবাংলার কোম্পানিগুলোর পরিচিতিমূলক সভায় আলোচনাকালে এই তথ্য বেরিয়ে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে, এখন থেকে বাল্ক (বিপুল) গ্যাস ব্যবহারকারী বিদ্যুত এবং সার সেক্টর বাদ দিয়ে সিস্টেম লস হিসেব করতে হবে। এই দু’ খাতে মোট গ্যাসের ৬৪ শতাংশ ব্যবহৃত হয়। এতোদিন সকল গ্যাস ক্রেতাকে হিসাবে এনে সিস্টেম লস দেখানো হতো। এতে গড় সিস্টেম লস কম দেখানো যেতো।

সভায় একই সাথে আগামী এক বছরের মধ্যে সিস্টেম লস ১০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়।

সভা শেষে বিডিনিউজের সাথে আলাপকালে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এই তথ্য প্রকাশ করে বলেন, এটা আমার সামনে বড় চ্যালেঞ্জ। তিতাসকে আগামী এক বছরে প্রতি তিন মাসে ২.৫ শতাংশ হারে সিস্টেম লস কমাতে হবে। এই চ্যলেঞ্জ বাস্তবায়ন খুব কঠিন কাজ সেটা আমি জানি। কিন্তু বিল খেলাপিদের কাছে থেকে যতো চাপই আসুক না কেন আমি কাজ করে যাবো।

সভায় বকেয়া আদায়, গ্যাস খাতের কোম্পানিগুলোকে আধুনিকায়ন, গ্যাসের চাপ সংকট নিরসন এবং ছাতক (টেংরাটিলা) গ্যাস ফিল্ডের দুর্ঘটনা নিয়ে আলোচনা হয়। সভার শুরুতে ছাতক গ্যাস ক্ষেত্রে পেট্রোবাংলা এবং বাপেক্সের মনিটরিং না থাকায় উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করেন। বলেন, দায়িত্বে অবহেলার বিষয় আগামী দিনে কঠোরভাবে দেখা হবে।

সভার সিদ্ধান্তে বলা হয়, গ্যাস মার্কেটিং কোম্পানি তিতাস, বাখরাবাদ, জালালাবাদ এবং পশ্চিমাঞ্চল তাদের সকল বেসরকারি গ্রাহকদের চিঠি দিয়ে আগামী আগস্টের মধ্যে বিল সংক্রান্ত সকল জটিলতা নিরসন করার অনুরোধ জানাবে। এরপর আগামী সেপ্টেম্বর মাস থেকে প্রত্যেক গ্রাহককে ছয় মাসের কিস্তিতে বকেয়া বিল পরিশোধ শুরু করতে হবে। আগামী বছরের ফেব্রয়ারির মধ্যে পুরো বিল পরিশোধ করতে ব্যর্থ হলে তাদের সংযোগ বিচ্ছিন্ন করাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই সাথে সরকারি প্রতিষ্ঠানগুলোকে বকেয়া বিল প্রদান করার জন্য জ্বালানি সচিব সংশ্লিষ্টদের অনুরোধ করে চিঠি দেবেন। বকেয়া বিল আদায় নিয়ে আগামী ৩ জুলাই অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানেও বকেয়া গ্যাস বিল দেয়ার বিষয়ে জ্বালানি মন্ত্রনালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হবে।

বর্তমানে গ্যাস খাতের মোট বকেয়ার পরিমাণ ১,৬০০ কোটি টাকা। বকেয়া সরকারি এবং বেসরকারি খাতে প্রায় সমান সমান। এর মধ্যে তিতাস গ্যাসের বকেয়া পাওনার পরিমাণ ১,২০০ কোটি টাকার মতো।

সভা থেকে বকেয়া আদায়ের জন্য যে ১,২০০ মামলা ঝূলে আছে তা দ্রুত নিষ্পত্তি করে বিল সমন্বয় করার নির্দশ দেয়া হয়।

অপর এক সিদ্ধান্তে বলা হয়, পেট্রোবাংলার সকল গ্যাস মার্কেটিং কোম্পানিকে আগামী ডিসেম্বর মাসের মধ্যে ই-গভর্ণেন্স এর আওতায় আনা হবে। জনবল প্রশিক্ষণ সহ আনুষাঙ্গিক সকল বিষয় নিয়ে কোম্পানিগুলোকে বিনিয়োগ বোর্ড সহায়তা প্রদান করবে।