২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সাথে আইডিবির ১৩ দশমিক ২২ মিলিয়ন ডলার ঋণের দুটি চুক্তি স্বাক্ষর

দুটি প্রকল্পে অর্থায়নের জন্যে বাংলাদেশ শুক্রবার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সাথে ১৩ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার দুটি ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

শুক্রবার মালয়শিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত আইডিবির ৩০ তম বোর্ড অব গর্ভনরস বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এবং আইডিবির সভাপতি ড. আহমেদ মোহাম্মদ আলী এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সিলেট ফিডার রোড আপগ্রেডিং প্রকল্প (৫ম ফেজ) এর জন্য ১০ দশমিক ২১ মিলিয়ন ডলার ঋণের একটি এবং স্বাস্থ্য ও জনসংখ্যা প্রকল্পের জন্য তিন দশমিক শুন্য এক মিলিয়ন ডলার ঋণের অপর একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বৈঠক চলাকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইসমাইল জাবিউল্লাহ দক্ষিন এশিয়া অঞ্চল থেকে আইডিবির নির্বাহী পরিচালক নির্বাচিত হন। তিনি জানুয়ারি ২০০৬ থেকে আগামী তিন বছর পর্যন্ত এই পদে বহাল থাকবেন।

বাংলাদেশ আগামী তিন বছরের জন্য বেসরকারি খাতের ইসলামিক কো অপারেশন ফর দ্যা ডেভেলপমেন্ট (আইসিডি) এর সহ সভাপতিও নির্বাচিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী ও আইডিবির গভর্নর এম সাইফুর রহমান বলেন, স্বল্প উন্নত সদস্য দেশগুলোতে দারিদ্র্য , পুষ্টিহীনতা এবং অশিক্ষা মোকাবেলায় কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আইডিবির বেশি সম্পদ বন্টন করা উচিত।

নির্ভিকভাবে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্ত বানিজ্য, প্রযুক্তি সরবরাহ এবং সম্পদ স্থানান্তরে ঐক্য প্রয়াসের জন্য সদস্য দেশগুলোর প্রতি তিনি আহবান জানান।

এম সাইফুর রহমানের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহন করেন। তারা আইডিবির সভাপতি হিসেবে ড.আহমদ আলীর আগামী পাচ বছরের জন্য পুননির্বাচনের প্রস্তাবকেও সমর্থন করেন।

আইডিবির ৫৬তম দেশ হিসেবে নাইজেরিয়ার অর্ন্তভূক্তিকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে। আগামী শনিবার সাইফুর রহমান ঢাকায় ফিরবেন বলে আশা করা যাচ্ছে।