২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটামুক্ত সময়ে নিটওয়্যার রপ্তানি বেড়েছে ২১ কোটি ডলার

কোটামুক্ত প্রথম চার মাসে নিটওয়্যার রপ্তানি বেড়েছে ২০ কোটি ৯১ লাখ ডলার। গত বছরের তুলনায় এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাসের নিটওয়্যার রপ্তানি ৩২ শতাংশ বৃদ্ধি পায়। এ সময়ে মোট নিটওয়ার রপ্তানির পরিমান ছিল ৮৬ কোটি ২১ লাখ ডলার। একই সময়ে অবশ্য ওভেন গার্মেন্টস রপ্তানি ৭ শতাংশ হ্রাস পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্র জানায়, কোটা পরবর্তী সময়ে (মাল্টি ফাইবার এগ্রিমেন্ট, এমএফএ) বাংলাদেশের পোষাক শিল্পে ধ্বস নামবে বলে নানা মহলের আশংকা থাকলেও এখন নিটওয়্যার রপ্তানি খাতের সূচক উর্ধ্বমুখী।

এ খাতে ফেব্রুয়ারি মাসে গত বছরের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি হয় ৮১ শতাংশ এবং মার্চে প্রবৃদ্ধি ছিলো ৩৯ শতাংশ। চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে নিটওয়্যার রপ্তানির অবদান মোট রপ্তানির ৩৩ শতাংশ। এই অবদান গত বছরে ছিলো মাত্র ২৭ শতাংশ।

নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বিডিনিউজকে বলেন, পুরনো বাজারের বাইরে নতুন বাজার পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।

তিনি জানান, সম্প্রতি নতুন বাজার প্রাপ্তির জন্য তারা চীনের কুনমিং মেলায় অংশ নেয়। এর সাফল্য ইতিমধ্যে আসতে শুরু করেছে। বিকেএমইএ সভাপতি আরো বলেন, এমএফএ পরবর্তী সময়ে নিটের বিকাশের ব্যাপারে আগে থেকেই আমরা আশাবাদী ছিলাম।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজকে বলেন, নিট খাতে কোটামুক্ত সময়ে আগের তুলনায় অধিক প্রবৃদ্ধি হচ্ছে, ভ্যালু এডিশন বেশি থাকায় রপ্তানি বাড়ার সম্ভাবনাই বেশি।

তিনি বলেন, কিছু ক্যাটাগরিতে ইইউ’র বাজারে চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিযোগিতা হচ্ছে। গড় মূল্য হ্রাস বাংলাদেশের জন্য একটা সমস্যা। তবে টি শার্ট রপ্তানিতে আগামীতে ইইউ’র বাজারে চীন থেকে বাংলাদেশ আরো বেশি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায় এমএফএ’র পর সোয়েটার রপ্তানি ছয় শতাংশ হ্রাস পেলেও গড়ে নিটওয়্যার রপ্তানি ৩২ শতাংশ বেড়েছে।

এমএফএ পরবর্তী নিটওয়্যার রপ্তানি

                                    ২০০৪ সাল                   ২০০৫ সাল                    প্রবৃদ্ধি

জানুয়ারি                      ১৯২ দশমিক৭৭            ২২১ দশমিক ৭৪        ১৫ দশমিক ০৩

ফেব্রুয়ারি                     ১০৮ দশমিক ৩২           ১৯৬ দশমিক ০৬       ৮১

মার্চ                           ১৬৬ দশমিক ৯৯          ২৩১ দশমিক ৪১         ৩৮ দশমিক ৫৮

এপ্রিল                        ১৮৪ দশমিক ০২           ২১২ দশমিক ০২        ১৫ দশমিক ২১

জানুয়ারি – এপ্রিল         ৬৫২ দশমিক ১             ৮৬১ দশমিক ২৩       ৩২ দশমিক ০৭

জুলাই-ডিসেম্বর            ১০১৭                             ১৪০২                 ৩৭ দশমিক ৮৬

মোট রপ্তানি                  ১৬৬৯ দশমিক ১০        ২২৬৩দশমিক ২৩     ৩৫ দশমিক ৬০