আগামী অর্থ বছরে ১,০০০ কোটি টাকা বকেয়া গ্যাস বিল আদায় করা হবে
বস্ত্রখাতে বকেয়া গ্যাস বিল আদায়ে সরকারকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ টেক্সটাইলস মিলস এসোসিয়েশন (বিটিএমএ) নেতৃবৃন্দ। ছয় মাসের মধ্যে ছয় কিস্তিতে বকেয়া গ্যাস বিল পরিশোধের জন্য আগামী ১৫ দিনের মধ্যে সকল সদস্যকে চিঠি দিতে তারা সম্মত হয়েছেন।
আজ বৃহস্পতিবার জ্বালানি উপদেষ্টা এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমানের সাথে জ্বালানি মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতকালে বিটিএমএ নেতারা এই প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে মাহমুদুর রহমান বকেয়া বিল আদায়ে বিটিএমএ নেতাদের সহায়তা কামনা করেন।
এসোসিয়েশনের সভাপতি এম এ আউয়াল সাত সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে জ্বালানি উপদেষ্টার সাথে সাক্ষাত করেন। তিনি জানান, শিল্পখাতে ৭০ শতাংশ গ্যাস দেশের বস্ত্র শিল্পে ব্যবহার হয়। তিনি সঠিক চাপে এই শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উপদেষ্টার কাছে অনুরোধ জানান।
জবাবে মাহমুদুর রহমান বলেন, বর্তমানে সরকারি বেসরকারি খাত মিলিয়ে গ্যাস খাতে বকেয়ার পরিমাণ প্রায় ১,৬০০ কোটি টাকা। এর মধ্যে বকেয়া আদায় নিয়ে ১,২০০ মামলা ঝুলে আছে। তিনি বকেয়া আদায়ে তার পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আগামী অর্থ বছরে মোট বকেয়া থেকে কমপক্ষে ১,০০০ কোটি টাকা আদায়ের বিষয়কে চ্যালেঞ্জ হিসাবে গ্রহন করা হয়েছে। এই লক্ষ্যে ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।
মাহমুদুর রহমান বকেয়া আদায়ে বিটিএমএ নেতাদের সহায়তা কামনা করেন। আলোচনায় সিদ্ধান্ত হয় আগামী ছয় মাসের মধ্যে এসোসিয়েশনের সদস্যদের কাছে জমে থাকা বকেয়া গ্যাস বিল আদায়ে তারা জ্বালানি মন্ত্রণালয়কে সর্বাত্মক সহায়তা দেবেন।
এই লক্ষ্যে আগামী ১৫ দিনের মধ্যে বিটিএমএ’র পক্ষ থেকে সকল সদস্যকে বকেয়া পরিশোধের জন্য চিঠি দেয়া হবে বলে উপদেষ্টাকে জানানো হয়।
উল্লেখ্য, জ্বালানি উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেয়ার পর মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, তিনি এই খাতের উন্নয়নে বর্ষব্যাপী একটি পরিকল্পনা নেবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্যাস খাতের বকেয়া আদায়। তিনি দাবি করেন, দাম বাড়ানোর বদলে বকেয়া আদায়সহ গ্যাস খাতের দক্ষতা বাড়িয়ে এই খাতের উন্নয়ন করতে তিনি আগ্রহী।
