২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট সঙ্কট ও দেনার কারণে আগামী অর্থবছরে পাটশিল্পে সরকারকে কঠিন সমস্যায় পড়তে হবে

পাটশিল্পে ২০০৫-০৬ অর্থবছরে সরকারকে কঠিন সমস্যা মোকাবেলা করতে হবে। চলতি অর্থবছরে এ খাতে সরকারের প্রচুর দায়দেনা হয়েছে এবং রপ্তানি আয়ও হ্রাস পেয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

অন্যদিকে, পাট ও বস্ত্রমন্ত্রী শাজাহান সিরাজ সম্প্রতি বলেছেন, দেশের বৈদেশিক মুদ্রার শতকরা ৭০ ভাগ এখনও পাট খাত থেকে আসছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্র জানায়, ২০০৩-০৪ অর্থবছরের তুলনায় ২০০৪-০৫ অর্থবছরে পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি কমেছে ৭ দশমিক ৫৫ শতাংশ এবং কাঁচা পাট খাতে রপ্তানি কমেছে ২ দশমিক ৭১ শতাংশ।

বাংলাদেশ জুট মিল কর্পোরেশন (বিজেএমসি) সূত্র জানায়, কাঁচা পাটের অভাবে চলতি বছর ফেব্রুয়ারি থেকে সরকারি পাটকলগুলো বন্ধ রয়েছে। সাথে সাথে সরকার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী এবং বিদ্যুৎ ও মিলের সাথে সংশ্লিষ্ট অন্যান্য খাতে খরচ বাবদ কোটি কোটি টাকার দেনা হয়ে পড়েছে।

জানা গেছে, কেবল খুলনাঞ্চলে আটটি সরকারি পাট কলের কাছে শ্রমিকদের মুজুরি বাবদ এ পর্যন্ত প্রায় সাত কোটি টাকা পাওনা হয়েছে। তার ওপর গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি খাতের দেনাও রয়েছে। বন্ধ মিলগুলোর শ্রমিক কর্মচারীরা এখন কাজ না করলেও আইন অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করতে সরকার বাধ্য।

সূত্র জানায়, আগামী অর্থবছর সরকারি-বেসরকারি পাটকল, স্পিনিং মিল, পাটের সূতোর মিলসহ রপ্তানির জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ বেল কাঁচা পাট। কিন্তু এ বছর উৎপাদনের সম্ভাবনা রয়েছে ৪০/৪৫ লাখ বেল। এতে কাঁচা পাটের দামও বৃদ্ধি পাবে।

চাহিদার সাথে উৎপাদনের লক্ষ্যমাত্রা কম হওয়ার সম্ভাবনায় আগামী অর্থবছরও পাট কলগুলোতে কাঁচা পাটের ঘাটতি থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কৃষিবিভাগ সূত্র জানায়, দেশে গত ২০ বছরের ব্যবধানে পাট চাষের জমি অর্ধেক কমে গেছে। ২০০৩-২০০৪ অর্থবছর পাটের জমির পরিমাণ কমে প্রায় ১২ লাখ একরে এসে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, পাট চাষের জমি ও উৎপাদন হ্রাস এবং পাট কলগুলো বন্ধ হয়ে পড়ায় এ শিল্প এখন চরম সংকটের মধ্যে পড়েছে। দেশের পাটশিল্পে অব্যবস্থাপনা, জাতীয়করণ, লুটপাট, লোকসান, অদক্ষতাসহ নানা কারণে আজ পাট শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে বলে পাট ও বস্ত্র মন্ত্রালয়ের একাধিক তদন্তে এ কথা বলা হয়েছে। এদিকে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও বাণিজ্যিক ব্যাংক এ খাত সম্পর্কে উৎসাহ হারিযে ফেলেছে।

সূত্র জানায়, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের এক সময়ের প্রধান এ খাতে সরকার নতুন করে আর ভর্তুকি দিতে নারাজ। সরকার চাইছে এ শিল্পটি পুরোপুরি বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দিতে।

এদিকে নতুন বাজেটে পাট শিল্পের সংকট কাটিয়ে উঠতে কোনও নির্দিষ্ট অর্থ বরাদ্দ রাখা হয়নি। পাট শিল্পের বিশেজ্ঞরা বলছেন, বাজেটে নির্দিষ্ট বরাদ্দ না থাকায় এ খাতের কোটি কোটি টাকা দেনা পরিশোধ করে বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়া সরকারের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। আবার চরম লোকসানি এ খাতটি চালু রাখতে গেলেও সরকার সংকটজনক পরিস্থিতির মধ্যে পড়তে পারে।