এসইসি দুটি তালিকাভুক্ত কোম্পানির লেনদেন স্থগিত করেছে
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) দুটি তালিকাভুক্ত কোম্পানির লেনদেন স্থগিত করেছে এবং দুটি ব্রোকার হাউজকে সর্তক করে দিয়েছে। মঙ্গলবার এসইসি’র বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নেয়া হয়।
বৈঠকে এসইসি দুটি ননব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং একটি মিচুয়াল ফান্ডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়।
এসইসি’র নির্দেশে সোনালি পেপার ও বোর্ড মিল লিমিটেড ও সালেহ কার্পেট লিমিটেড এর লেনদেন স্থগিত করা হয়। সর্বনিম্ন জেড ক্যাটাগরির এই দু' কোম্পানি এখন আর উৎপাদন করছে না।
বিনিয়োগকারীর অভিযোগ প্রমানিত হওয়ায় কমিশন কান্ট্রি স্টক (বাংলাদেশ) লি. নামের ব্রোকার হাউজকে সর্তক করে দেয়। একই সঙ্গে জাহাঙ্গীর কবির এন্ড সন্স ব্রোকার হাউজকে পূর্ববর্তী সর্বশেষ মূল্য থেকেও কম মূল্যের অফার দেয়ায় কমিশন তাকে সর্তক করে।
অন্যদিকে বৈঠকে কমিশন দুটি ননব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স লি. এবং প্রাইম ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডকে প্রাথমিক গনপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে যথাক্রমে ৫ এবং ১৫ কোটি টাকা মূলধন সংগ্রহে অনুমতি দেয়।
কমিশনের চেয়ারম্যান বলেন, সামিট পাওয়ার লিমিটেডকে (এসপিএল) আইপিওতে অনুমতি দেয়ার আগে আরো কিছু তথ্য জানা প্রয়োজন। এসপিএল ৪০ শতাংশ প্রিমিয়ামসহ ২০ কোটি টাকার মূলধন সংগ্রহে আবেদন করেছে।
এসইসি ৫ কোটি টাকার মূলধন সংগ্রহে গ্রামীন মিউচুয়াল ফান্ডকে অনুমতি দেয়।
