২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মৌসুমে সরকার রাষ্ট্রায়ত্ব পাটকলগুলোকে পাট ক্রয়ের জন্যে কোন অর্থ বরাদ্দ করছে না

আগামী অর্থবছরে রাষ্ট্রায়ত্ব ২২টি পাটকলে পাট ক্রয়ের জন্যে অর্থ মন্ত্রনালয় বিজেএমসিকে কোন অর্থ বরাদ্দ করতে অস্বীকার করছে। চলতি অর্থ বছরে অর্থ মন্ত্রনালয় বিজেএমসিকে ২০০ কোটি টাকার স্থলে মাত্র ৬০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বস্ত্র ও পাট মন্ত্রী শাহজাহান সিরাজ মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য দেন।

সোমবার জাতীয়তাবাদী পাট শ্রমিক দল স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের কাছে স্মারকলিপি দেয়। স্পিকার স্মারকলিপিটি মন্ত্রীর কাছে পাঠিয়ে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানালে মন্ত্রী এ বিবৃতি দেন।

শাহজাহান সিরাজ তার বিবৃতিতে পাটকলগুলোর বিরাজমান সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহনের অনুরোধ জানান।

তিনি সময়মত শ্রমিক কর্মচারিদের বেতন এবং বকেয়া পরিশোধে ব্যর্থতার জন্য ক্ষমা প্রার্থনা করে সরকারি সিদ্ধান্ত পর্যন্ত ধৈর্য্য ধারণ করতে আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বিজেএমসি’র বর্তমান দেনার পরিমান প্রায় তিন হাজার ৯৩০ কোটি টাকা। এর মধ্যে ঋণের পরিমান সাড়ে তিন হাজার কোটি টাকা। এ ছাড়াও শ্রমিক কর্মচারিদের বকেয়া দেনার পরিমান ২৩০ কোটি ৮ লাখ টাকা, বকেয়া বিদ্যুৎ বিল ২০ কোটি টাকা, বকেয়া পাটের দেনা পরিমান প্রায় ৪৭ কোটি ৫৩ লাখ টাকা।

তিনি বলেন, রাষ্ট্রায়ত্ব ২২টি পাটকলের মধ্যে আটটি পুরোপুরি বন্ধ। অর্থ ও পাটের অভাবে আরো সাতটি পাটকল বন্ধ রয়েছে। বাকী ৭টি কোন রকমে চালু থাকলেও এগুলোতে শ্রমিক কর্মচারি বকেয়া রয়েছে প্রায় ৪০ কোটি টাকা ৫ লাখ টাকা।